নিজস্ব প্রতিবেদক : বিএনপির নোয়াখালীর বেগমগঞ্জ থানা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার এক শোকবার্তায় বিএনপি চেয়ারপারসন বলেন, ‘মরহুম জাহাঙ্গীর আলম নোয়াখালী জেলা যুবদলকে সুসংগঠিত এবং অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকারের আন্দোলনকে বেগবান করতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাসী মরহুম জাহাঙ্গীর আলম আজীবন দলীয় আদর্শ লালন করে গেছেন।’
বিএনপি চেয়ারপারসন মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, নিকটজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান।
অপর এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও গভীর শোক প্রকাশ করে বলেন, ‘নোয়াখালী জেলা যুবদল এবং বেগমগঞ্জ থানা বিএনপিকে সুসংগঠিত করতে তিনি যে শ্রম দিয়ে গেছেন, তা নেতা-কর্মীরা বিস্মৃত হবেন না।’
তিনি বলেন, ‘তার মতো ত্যাগী ও আদর্শবাদী নেতার মৃত্যুতে বেগমগঞ্জ থানা বিএনপির যে ক্ষতি হলো তা সহজে পূরণ হওয়ার নয়।’

