নিজস্ব প্রতিবেদক : বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে পেট্রলবোমা হামলাকারী এবং এদের নির্দেশদাতাদের বিচারের জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। রবিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে এক আলোচনা সভায় তিনি এই দাবি জানান।
হাছান মাহমুদ বলেন, ‘এ দেশে যে কয়েকটি বড় অন্যায় হয়েছে এর মধ্যে পেট্রলবোমার মাধ্যমে জীবন্ত মানুষ হত্যা করা একটি। রাজনীতির নামে বিএনপি-জামায়াতের এ নৃশংসতা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছিল। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাকল্পে এ অন্যায়ের দৃষ্টান্তমূলক বিচার হওয়া প্রয়োজন। তাই সরকারের প্রতি আমার অনুরোধ বিএনপি চেয়ারপারসনসহ পেট্রলবোমা হামলার অন্য সব নির্দেশদাতা এবং হামলাকারীদের যেন অবিলম্বে আইনের মুখোমুখি করা হয়।
সাবেক এই মন্ত্রী বলেন, ‘আইনাশৃঙ্খলা বাহিনী যখন দেশের সন্ত্রাসী-অপরাধীদের গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করছে তখন বিএনপি মহাসচিব এদের পক্ষে সভা-সেমিনারে বক্তব্য রাখছেন। প্রকৃতপক্ষে তার বক্তব্যের মাধ্যমেই তিনি স্বীকারোক্তি দিচ্ছেন যে, এ পেট্রলবোমা বাহিনী ও সন্ত্রাসী বাহিনীর আশ্রয়দাতা হচ্ছেন ফখরুল সাহেব ও তার দল বিএনপি।’
বঙ্গবন্ধুর হত্যাকারী নূর চৌধুরীকে কানাডা থেকে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘আশা করবো বঙ্গবন্ধুর আরও যেসব খুনি অন্যান্য দেশে অবস্থান করছে সংশ্লিষ্ট দেশগুলো তাদের ফিরিয়ে দেয়ার পদক্ষেপ গ্রহণ করবে।’

