নিজস্ব প্রতিবেদক : গুলশানের আর্টিজান রেস্তোরাঁয় হামলাকারীরা প্রশিক্ষিত শিবিরকর্মী বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, গুলশানে হামলাকারীরা সবাই এদেশের নাগরিক। আমরা গণমাধ্যমে এটা দেখেছি। এই ঘটনায় কারা জড়িত তা আমরা সবাই জানি। যারা ‘ট্রেইনড শিবির’ তারাই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। সবাই দেখছে।
আজ রবিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন নাসিম।
জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের কথা বলেছেন। আপনার কি বিএনপির সঙ্গে ঐক্য করবেন-এমন প্রশ্নের জবাবে নাসিম বলেন, গুলশানের ঘটনার পর বিএনপি নেত্রী অশোভন কথা বলেছেন। দ্বিতীয়ত বিএনপি তো এখনো চিহ্নিত রাজাকার জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেনি। আগে তারা জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুক পরে আমরা দেখবো।
দেশে যেভাবে সন্ত্রাসী হামলা হচ্ছে তাতে কি মনে করেন আপনারা এবং দেশের মানুষ নিরাপদ? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাসিম বলেন, অবশ্যই মানুষ নিরাপদে আছে। এই ঘটনাগুলো কী জন্য ঘটছে তা আপনারা (সাংবাদিকরা) নিজেরাও বুঝতে পারেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। আর আমরা জনগণকে উদ্বুদ্ধ করার জন্যেই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি।

