স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের গুলশানে সন্ত্রাসী হামলার ঘটনায় কালো ব্যান্ড পরে ইউরোর কোয়ার্টার ফাইনাল ম্যাচে মাঠে নামবে ইতালির খেলোয়াড়রা। বাংলাদেশ সময় শনিবার রাত ১টায় জার্মানির বিপক্ষে খেলা শুরু করবে ইতালি।
শুক্রবার সন্ধ্যায় গুলশান ২ এর ৭৯ নম্বর সড়কে ৫নং বাসার দ্বিতীয় তলায় হলি আর্টিসান রেস্টুরেন্টে হামলা চালায় কয়েকজন অস্ত্রধারী। তাদের হামলায় বনানী থানার ওসি সালাউদ্দিন, ডিবির এসি রবিউল ইসলাম ও জিম্মি হওয়ায় ২০ জন নিহত হয়েছেন। পরে সেনাবাহিনীর অভিযানে ৬ সন্ত্রাসী নিহত হয়েছে।
সন্ত্রাসীদের হামলায় নিহতদের মধ্যে ইতালির নাগরিক আছে বলে জানা গেছে। তাই শোক প্রকাশে ইতালির খেলোয়াড়রা কালো ব্যান্ড পরে খেলতে নামবে। ইতালিয়ান ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইতালির নাগরিক নিহত হওয়ার মর্মান্তিক খবরে গুরুত্বপূর্ণ ম্যাচের আগের সময়টা অন্ধকারে পরিণত হয়েছে।’
নিহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ফেডারেশন জানিয়েছে, দুঃখ প্রকাশে খেলোয়াড়দেরকে কালো ব্যান্ড পরে মাঠে নামতে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা অনুমতি দিয়েছে।

