নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের উপর অতর্কিত হামলার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি জানিয়েছে শিক্ষক সমিতি।
শুক্রবার রাতে সমিতির কার্যকরী পরিষদের এক জরুরি সভা শেষে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ শাস্তি দাবি করা হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সদস্য এ জে এম শফিউল আলম ভূঁইয়া।
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিরর গাড়িতে হামলার মতো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিবৃতিতে বলা হয়, কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের গাড়িতে হামলা ও ভাঙচুর করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং তদন্ত সাপেক্ষে এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে শিক্ষা প্রতিষ্ঠানের শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহ্বান জানাই।
এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর স্মরণিকায় প্রকাশিত একটি নিবন্ধে জিয়াউর রহমানকে দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করা হয়। এছাড়াও তার নিবন্ধটিতে আরও কিছু অসঙ্গতি পরিলক্ষিত হয়, যা নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও জনমনে ক্ষোভের সঞ্চার হয়েছে। বস্তুত জিয়াউর রহমান দেশের প্রথম রাষ্ট্রপতি তো ননই বরং সর্বোচ্চ আদালতের রায়ে তিনি ও তার শাসনামল অবৈধ ঘোষিত হয়েছে। নিবন্ধটির লেখক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান এবং স্মরণিকাটির প্রকাশকও তিনি। ফলে এর দায়ভার এককভাবে তারই। আমরা সৈয়দ রেজাউর রহমানের এমন ঘৃণ্য তৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বিবৃতিতে আরও বলা হয়, উক্ত ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সৈয়দ রেজাউর রহমানকে রেজিস্ট্রার পদ থেকে অব্যাহতি প্রদান করেছে। স্মরণিকার কপিসমূহও বাজেয়াপ্ত করা হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠনের পদক্ষেপ নেয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে এই কার্যকর পদক্ষেপ গ্রহণ করায় আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।

