স্পোর্টস ডেস্ক : ভারতের নতুন কোচ অনিল কুম্বলে নির্বাচিত হওয়ার পর থেকে সৌরভ গাঙ্গুলি-রবি শাস্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়েছে। শাস্ত্রীর অভিযোগ সৌরভের কারণেই তার ভারতের কোচ হওয়া হয়নি। চুপচাপ থাকা সৌরভও শাস্ত্রীকে পাল্টা দিয়ে বলেছেন, মূর্খের রাজ্যে বাস করছেন শাস্ত্রী!
মন্তব্য পাল্টা মন্তব্যের মধ্যে শুক্রবার আইসিসি ক্রিকেট কমিটির মিডিয়া রিপ্রেজেন্টেটিভের পদ থেকে পদত্যাগ করেছেন রবি শাস্ত্রী। এই কমিটির চেয়ারম্যান ছিলেন ভারতের নবনিযুক্ত কোচ কুম্বলে। শাস্ত্রী এই কমিটিতে রয়েছেন ছয় বছর ধরে। হঠাৎ করেই কেন পদত্যাগ? এমন প্রশ্নে শাস্ত্রীর উত্তর, ‘আমার ব্যক্তিগত কাজ রয়েছে। তাছাড়া একই পদে ছয় বছর ধরে আছি। এবার পদ ছাড়ার সময় হয়েছে।’
শাস্ত্রীর পদত্যাগের আগে আইসিসি’র ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে কাজ চালিয়ে যাওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন কুম্বলে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা বলেন, ‘সৌরভ, কুম্বলের পাশাপাশি রবি’র বিষয়টিও আমাদের কাছে যথেষ্ট আবেগের। সম্ভবত চলতি বিতর্কের পর কুম্বলের সঙ্গে এই মহূর্তে কাজ করতে চাচ্ছেন না তিনি।’

