স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার রাতে মার্শেইয়ে অনুষ্ঠিত ইউরোর প্রথম কোয়ার্টার ফাইনালে পোল্যান্ডকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে পর্তুগাল। ১২০ মিনিট লড়াই করেও গোলের দেখা পাননি ক্রিশ্চিয়ানো রোনালদো। এ সময়ে ১-১ গোলের ব্যবধানে সমতা ছিল ম্যাচটিতে। এতে অনেকটা হতাশ ছিলেন পতুগালের অধিনায়ক।
তবে টাইব্রেকারে জিতে সেই হতাশা দূরে ঠেলে দিয়েছেন রোনালদো। ভাগ্য পরীক্ষার প্রথম শটটি নিয়ে লক্ষ্যভেদ করেন সিআর সেভেন। তার দেখানো পথে হেঁরে পর্তুগালের বাকি চার খেলোয়াড়ও পোল্যান্ডের জালে বল জড়ান।
ইউরোর সেমিফাইনালের টিকিট পেয়ে দারুণ উচ্ছ্বসিত রোনালদো। ম্যাচ শেষে যা ফুটে উঠেছে তার কণ্ঠেই, ‘পর্তুগালের হয়ে স্বপ্ন পূরণের আরো কাছে আমি। এখন যে কোনো কিছুই ঘটতে পারে। আমি কোনো কিছুই মিস করতে চাই না। আজ আমি কেরিয়ারের ইতি টানলেও কোনও দুঃখ থাকত না। তবে এটা ঠিক দেশের হয়ে খেতাব জেতার জন্য আমি মুখিয়ে রয়েছি। আমরা সেই রাস্তায় এসে গিয়েছি।’
সমালোচকদের একহাত নিয়ে রোনালদো বলেন, ‘দলের কাছে এটা চমৎকার সময়। আমাদের যারা সমালোচনা করেছে, যারা আমাদের গণনায় রাখেনি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা কিন্তু সেমিফাইনালে উঠে গিয়েছি।’

