নিজস্ব প্রতিবেদক : গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা -২০১৫ অনুমোদন না হওয়ায় গৃহকর্মীদের অধিকার আদায়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে বলে অভিযোগ করেছে নারী মৈত্রী। সংগঠনটি খুব শিগগিরই গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা-২০১৫ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে নারী মৈত্রী আয়োজিত ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস-২০১৫’ শীর্ষক এক মানববন্ধন কর্মসূচিতে সংগঠনটি এ দাবি জানায়।
মানববন্ধনে বক্তারা বলেন, মানবাধিকার নিশ্চিত করণে গৃহশ্রমিকদের জন্য গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতিমালা-২০১৫ প্রণয়নের মাধ্যমে বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তাই আমরা আশা করছি, বর্তমান সরকার গৃহকর্মের সঙ্গে জড়িত শ্রমিকদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দিয়ে জিডিপিতে নারীর অবদানকে মূল্যায়ন করবে।
এসময় নারী মৈত্রীর সভাপতি শাহীন আক্তার ডলি বলেন, ‘বাংলাদেশে গৃহকর্মের সঙ্গে জড়িত শ্রমিকদের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সেই অনুপাতে তাদের মজুরি নির্ধারণ ও অন্যান্য অধিকার সুরক্ষায় এই জনগোষ্ঠী শ্রমিক হিসাবে স্বীকৃতি পাচ্ছে না।’
প্রতিনিয়তই গৃহকর্মীরা নানার ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন শাহীন আক্তার ডলি।
তিনি অভিযোগ করেন, ‘পারিবারিক ও গৃহস্থালি কাজে গৃহকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু শ্রমিক হিসাবে তাদের কোনো মূল্যায়ন নেই। এতো যে নারীর অগ্রযাত্রা এরপরও বছরের পর বছর পুরুষতান্ত্রিক মন, মানসিকতা এবং সমাজের দৃষ্টিভঙ্গির কারণে নারীরা প্রতিদিন নির্যাতনের শিকার হচ্ছে।’
নারী মৈত্রীর প্রকল্প সমন্বয়কারী রাফিকা খান, সদস্য আবুল হোসেনসহ এসময় মানববন্ধনে প্রমুখ উপস্থিত ছিলেন।

