লাইফস্টাইল ডেস্ক : ফ্রিজের ব্যবহারটা আমাদের বাঙালি সংস্কৃতিতে খুব বেশি দিনের নয়। অথচ ব্যস্ত জীবনে খাবার-দাবার নিয়ে নিশ্চিন্ত থাকার জন্য আমাদের এখন একটাই ভরসা ‘ফ্রিজ’। পচনশীল খাবার দীর্ঘদিন সংরক্ষণে এর জুড়ি নেই। তাই তো এখন বাড়তি খাবার ফেলে দিতে হয় না। পরবর্তীতে খাওয়ার উপযোগী থাকায় খাবারের পেছনে খরচও কম হয়। আসছে কোরবানির ঈদে থাকবে রকমারি খাবারের ভিড় আর মাংসের ছড়াছড়ি। এসব সংরক্ষণেও গৃহিনীদের কাছে ফ্রিজই ভরসা। ঠিক এই সময়টাতে অনেকেই ভাবছেন ফ্রিজ কিনবেন। আবার অনেকের বাড়িতে আগে থেকেই ফ্রিজ আছে। তাই উভয়েরই ঈদের আগে ফ্রিজের যত্ন সম্পর্কে কিছু জরুরি বিষয় জেনে নেয়া দরকার।
– প্রতিদিন মাছ, মাংস আর শাক-সবজি রাখার কারণে ফ্রীজ ধীরে ময়লা হয়ে বিচ্ছিরি গন্ধ হয়ে গেছে। ব্যবহারের ফ্রিজে যদি ধরণের কোনো সমস্যা থাকে তাহলে এক মগ পানিতে অল্প ভিনেগার মিশিয়ে নিন। এবার এই পানিতে কাপড় ভিজিয়ে পুরো ফ্রিজটা মুছে পরিষ্কার করে ফেলুন। ফ্রিজের দূর্গন্ধ একেবারে দূর হয়ে যাবে এবং ফ্রীজ হবে জীবাণুমুক্ত ও ঝকঝকে।
– ঈদের আগে ফ্রিজের সব খাবার বের করে ভালো করে ধুয়ে মুছে নিন। গৃহিনীদের কাছে ঝকঝকে ফ্রিজ ব্যবহার করার মজায় আলাদা।
– যথা সম্ভব খাবার বের করে ফ্রিজ খালি করে নিন, যাতে প্রয়োজনের সময় ফ্রিজে যথেষ্ট জায়গা পাওয়া যায়।
– ফ্রিজের বিদ্যুৎ লাইনে কোনো সমস্যা আছে কিনা তা পরীক্ষা করতে হবে।
– কাজের চাপে খেয়াল করেননি, কখন তার যান্ত্রিক ত্রুটিও হয়ে গেছে। তাই সময় থাকতে দ্রুত সারাই করতে দিন। কারণ, আমাদের দেশে ফ্রিজের সব চেয়ে বেশি ব্যবহারিক মৌসুম ঈদ-উল আজহা।
– যারা প্রথম ফ্রিজ কেনার কথা ভাবছেন অথবা পুরোনো ফ্রিজকে বদলে নতুন আনতে চাচ্ছেন, তাদের উচিৎ অভিজ্ঞ লোকের পরামর্শ নেয়া। দাম একটু বেশি হলেও যাচাই বাছাই করে ভালো ব্র্যান্ডের ফ্রিজ নেয়া ভালো। কোনো ঝামেলা ছাড়াই দীর্ঘদিন ব্যবহার করা যাবে।
– গ্রামে বিদ্যুতের সমস্যা বেশি থাকে, এক্ষেত্রে ফ্রিজ কেনার আগে ফ্রস্ট ফ্রিজ কেনা উত্তম। বিদ্যুৎ থাকা অবস্থায় বেশি করে বরফ জমে। একটানা একদিন বিদ্যুৎ না থাকলেও এসব ফ্রিজের খাবার নষ্ট হয় না।
– শহরে বিদ্যুতের সমস্যা কম থাকায় ননফ্রস্ট ফ্রিজ কেনা যেতে পারে। খাবারটাকে সংরক্ষণ করার জন্য যথেষ্ট কিন্তু অতিরিক্ত বরফ জমায় না। আবার বিদ্যুৎ সাশ্রয়ী।
– ড্রয়ার সিস্টেমের ফ্রিজ হলে এক খাবারের গন্ধ অন্য খাবারে ছড়াই না।
– অনেকে বেশি খাবার দীর্ঘদিন সংরক্ষণের জন্য ফ্রিজের নরমাল অংশের চেয়ে ডিপ অশংটা বেশি চান। তাই আগে নিজের পছন্দের দিকটা বিবেচনা করুন। এবার বাজার ঘুরে পছন্দের ব্র্যান্ড আর সাধ্যের মধ্যে একটি ফ্রিজ কিনে ফেলুন। ঈদের বাকি আছে মাত্র কটা দিন। এমন সময় অবশ্যই আপনার ফ্রিজটির ভালো থাকাটা নিশ্চিত করা চাই। নইলে খাবার-দাবারের সঙ্গে পস্তাতে হতে পারে আপনাকেও।

