লাইফস্টাইল ডেস্ক : কোনো যুক্তি থাকুক বা না থাকুক, সকালের সময়টার ওপর ধারণা করে নেওয়া হয় দিনটি কেমন যাবে। না, কারো চেহারা দেখার ওপর বিবেচনা করে নয়, বরং আপনার সাধারণ কিছু দৈনিক অভ্যাসই আপনার সকালটিকে শুভ করে তুলবে। তাই আসুন জেনে নেওয়া যাক সেসব অভ্যাসগুলোর কথা যা আপনার দিনটি শুভ করার ক্ষেত্রে কাজে দেবে।
১. ভালো ঘুম : সুন্দর ও ফ্রেশ একটি দিনের সূচনার ক্ষেত্রে এর প্রস্তুতি নিতে হবে রাত থেকেই। চেষ্টা করুন সময়মতো ঘুমানোর এবং টানা ঘুম দাওয়ার। ঘুমানোর আগেই এক গ্লাস পানি খেয়ে ঘুমান, যাতে রাতে আর পানি খেতে উঠতে না হয়।
২. ভোরে উঠুন : আপনার ঘুম যদি পূর্ণ সময়ের ও আরামের হয়, তবে ভোরে উঠতে তেমন কষ্ট হবে না। তবে ভালো হয় যদি অ্যালার্ম দিয়ে ভোরে নির্দিষ্ট সময়েই উঠে পড়েন। ভোরের আলোতে যান এবং ঠান্ডা বাতাস উপভোগ করুন, আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে।
৩. গরম পানিতে লেবুর শরবত : ভোরেই হালকা গরম পানিতে লেবুর শরবত খাওয়ার অভ্যাস করুন। শরবতে চিনির বদলে মধু ব্যবহার করতে পারেন। লেবুর শরবত আপনার শরীরের অভ্যন্তরীণ অঙ্গগুলো সতেজ করবে এবং আপনার পাকতন্ত্র সচলে সাহায্য করবে।
৪. ব্যায়াম করুন : ভারী ব্যায়াম করা সম্ভব না হলে হালকা ব্যায়ামগুলো করে নিন। অন্তত ৫ মিনিট ব্যায়াম করুন নিজ দেহকে সারা দিনের জন্য কার্যক্ষম করতে। সঙ্গে শুনতে পারেন সফট মিউজিক।
৫. ৩০ সেকেন্ড হাসুন : নিজেকে উজ্জীবিত করার জন্য আয়নাতে নিজেকে দেখুন এবং কম হলেও ৩০ সেকেন্ডের জন্য হাসুন। দেখবেন নিজেকে অনেক প্রাণবন্ত মনে হচ্ছে এবং কর্মঠ দিনের জন্য মানসিক নিজেকে প্রস্তুত মনে হবে।
৬. গোসলে ভাবুন দিনের কাজগুলোর কথা : সকালের গোসল আপনার শরীরের জড়তা কাটিয়ে প্রাণবন্ত করতে সাহায্য করে। তাই সকালে গোসলের অভ্যাস গড়ে তুলুন। গোসলের মাঝেই ভেবে ফেলুন সারা দিনে কী কী কাজ সারতে হবে।
৭. খবরের কাগজ পড়ুন ও পুষ্টিকর নাশতা করুন : নিজেকে প্রতিনিয়ত আপডেট করে রাখতে খবরের কাগজের বা অনলাইন পোর্টালে দৈনন্দিন খবরগুলো পড়ে নিতে পারেন। তবে চেষ্টা করবেন ভালো খবরগুলো পড়তে। পত্রিকা পড়ার সঙ্গে সঙ্গে সকালের নাশতাটাও করে নিতে পারেন। তবে নাশতাটা যেন তেল মাখা না হয়ে পুষ্টিকর হয় আর সঙ্গে ফলের জুস।
সাতসকালের এ সাতটি নিয়ম প্রতিনিয়ত অভ্যাসে পরিণত করলে আপনার দিনটিও হয়ে উঠবে সুন্দর ও সার্থক।

