লাইফস্টাইল ডেস্ক : নারীকে সবসময়ই আবেগী আর নরম মনের অধিকারী হিসেবে ধরা হয়। ভুল সিদ্ধান্ত বা পরিস্থিতির কারণে সঙ্গীর সঙ্গে ছেদ ঘটলে কষ্টের বড় ভাগিদারও হয় সেই নারী। তবে নারীরা এই কষ্ট দ্রুত ভুলেও যায়। অন্যদিকে পুরুষদের মনের ক্ষত কম হলেও তা সারতে বেশ দেরি হয়- সাম্প্রতিক একটি গবেষণায় উঠে এসেছে এমনই এক তথ্য।
নিউইয়র্ক-ভিত্তিক বিংহ্যামটন বিশ্ববিদ্যালয় এবং লন্ডনের ইউনিভার্সিটি কলেজের সম্মিলিত ওই গবেষণায় ৯৬টি দেশের পাঁচ হাজার ৭০৫ জন মানুষ অংশ নেন। গবেষনায় অংশগ্রহণকারীদের বিচ্ছেদের পর মানসিক এবং শারীরিক কষ্টের পরিমাণ পরীক্ষা করে দেখা হয়। পরীক্ষায় দেখা যায়, বিচ্ছেদের পর নারীরা অনেক বেশি পরিমাণে মানসিক এবং শারীরিকভাবে কষ্ট অনুভব করেন। গবেষকদের মতে, বিবর্তনের সূত্র মেনেই সম্পর্কের ক্ষেত্রে নারীরা শারীরিকভাবে সুঠাম দেহের পুরুষদের বেছে নেন। কোনো কারণে এই পুরুষের সঙ্গে বিচ্ছেদ হলে তাই নারীদের কষ্টের পরিমাণটাও বেশি হয়। তবে নারীরা তা দ্রুত ভুলেও যায়। পরবর্তীতে মানসিকভাবে তারা অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে।
অপরদিকে পুরুষরা পুরোপুরিভাবে সবকিছু ভুলতে পারে না। কষ্টকে ধারণ করে তারা শুধু সামনের দিকে এগিয়ে যান। গবেষকদের মতে, পুরুষের তুলনায় নারীদের দ্রুত নতুন সম্পর্কে জড়িয়ে পড়া কষ্ট ভোলার অন্যতম কারণ।
তাদের গবেষণায় আরও দেখা যায়, মানুষের ৩০ বছর বয়সের মধ্যে অন্তত তিনবার ব্রেকআপের আশঙ্কা থাকে। এর মধ্যে এমন একটি বিচ্ছেদ হয় যা অনেক গভীরভাবে আমাদের ওপর প্রভাব ফেলে এবং এই ক্ষত কয়েক সপ্তাহ অথবা কয়েক মাসেও নিরাময় হয় না। বিচ্ছেদের পর কর্মক্ষেত্রে খারাপ করা, ছাত্রছাত্রীদের পড়ায় অমনোযোগী হওয়া, অন্যমনস্ক থাকা এবং মানসিকভাবে অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়ার আশঙ্কা থাকে। তবে চিন্তার খুব একটা কারণ নেই, প্রকৃতিতে টিকে থাকার লড়াইয়ে কোনো না কোনো জায়গা থেকে প্রতিটি মানুষ ঠিকই শক্তি সঞ্চয় করে নেয়।

