নিজস্ব প্রতিবেদক : বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে ব্যর্থ ও জনবিরোধী আখ্যায়িত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বিগ্রেডিয়ার জেনারেল (অব:) আ স ম হান্নান শাহ বলেছেন, ‘জাতির বিবেককে দাবিয়ে রাখতে চায় বলে তারা (সরকার) সংবাদপত্রে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে বাধা দিচ্ছে।’
মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল আয়োজিত এক আলোচনা সভায় এ অভিযো করেন হান্নান।
‘সংবাদ পত্রের কালো দিবস’ শীর্ষক আলোচনা সভায় হান্নান শাহ আরো বলেন, ‘সরকার বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে দিতে চায় না কারণ, সত্য সংবাদ প্রকাশিত হলে তাদের সকল অপকর্ম ফাঁস হয়ে যাবে। এই ফাঁদ একদিন তাদের গলার ফাঁসি হয়ে পড়তে পারে এই আশঙ্কায় তারা সত্য সংবাদ প্রকাশিত করতে বাধা প্রদান করে।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘এই সরকার একটি মিথ্যাচারের সরকার। তারা যা বলেন আর যা করেন সবকিছুই মিথ্যাচারে ভরপুর। তাই তাদের সঙ্গে জনগণ নেই। আওয়ামী লীগ কারো বন্ধু হতে পারে না। কারল, মিথ্যাবাদীদের সঙ্গে কেউ সম্পর্ক রাখতে চায় না।’
আয়োজক সংগঠনের সভাপতি এম এ হালিমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- কল্যান পার্টির সভাপতি মেজর জেনারেল (অব.) সৈয়দ মো. ইব্রাহীম (বীর প্রতীক), দৈনিক নয়া দিগেন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দীন প্রমুখ।

