নিজস্ব প্রতিবেদক : বিএনপি ও জামায়াতের সম্পর্ক নিষিদ্ধ প্রেমের মত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। সেই সঙ্গে জামায়াতকে ছেড়ে জনগণের ভালবাসা আদায়ের চেষ্টা করার জন্যও বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘চলমান রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, ‘অনেকে বলেন বহুদিন ধরে প্রেমিক-প্রেমিকার দেখা না হলে যে অনুভূতি হয় বিএনপি-জামায়াতের সম্পর্কও তেমনি। কিন্তু আমি বলবো, বিএনপি-জামায়াতের সম্পর্ক নিষিদ্ধ প্রেমের মত। যে প্রেম অত্যন্ত গভীর। কিন্তু মুখে এই প্রেম নিয়ে বলতে কষ্ট হয়।’
বিএনপির উদ্দেশে তিনি বলেন, ‘জামায়াতের সঙ্গে আপনাদের এই গভীর প্রেম বাংলাদেশের মানুষ ও সারা বিশ্ব চায় না। তাই জামায়াতের ভালবাসা বাদ দিয়ে জনগণের ভালবাসা আদায় করার চেষ্টা করুন।’
জামায়াতকে ছাড়তে না পারলে বিএনপির মুসলিম লীগের মতো পরিণতি হবে উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপির বর্তমান এলোমেলো রাজনীতিতে ঘি ঢেলেছেন দলটিরই প্রতিষ্ঠাতা মহাসচিব ও সাবেক রাষ্ট্রপতি ডা. বদরুদোজ্জা চৌধুরী। তিনি বলেছেন, জামায়াতকে ছাড়তে না পারলে বিএনপির পরিণতি ভয়াবহ হবে। তিনি (বদরুদোজ্জা চৌধুরী) ঠিকই বলেছেন। জামায়াতকে ছাড়তে না পারলে বিএনপির বহুধা বিভক্ত হয়ে মুসলিম লীগের রাজনীতির দিকে এগিয়ে যাবে।’
সংগঠনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আব্দুল্লা আল কায়সারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের উপ কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, এম এ করিম, সাজাহান আলম সাজু প্রমুখ।

