পাবনা প্রতিনিধি : পাবনা জেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রুমনের বাসায় দিনে দুপুরে দুর্ধর্ষ ডাকাতি করেছেন পৌর যুবলীগের আহ্বায়ক আরিফুর রহমান টিংকুসহ তার সহযোগীরা। পরে তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
আটক যুবলীগ নেতা পাবনা শহরের শালগাড়িয়া মালিগলি স্কুল পাড়ার আবুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, দিনে দুপুরে ছাত্রলীগ নেতার বাসায় ডাকাতির ঘটনার পর শুক্রবার রাতে স্থানীয়রা জাদিদ, পিন্টু ও আসলাম নামের তিন যুবককে আটক করে গণধোলাই দেয়। এ সময় তাদের সঙ্গে টিংকু জড়িত বলে জানায়। পরে স্থানীয়রা টিংকুকে ধরে গণধোলাই দিলে তিনিও ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করেন। এ সময় তার অফিস কক্ষ থেকে তিনটি মুখোশ উদ্ধার করা হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা।
এ ঘটনায় পাবনা সদর থানায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, গত ১০ জুন দুপুর ১ টার দিকে পাবনা শহরের ব্যস্ততম পাবনা জেনারেল হাসপাতাল সড়কের শালগাড়িয়া এলাকায় জেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রুমনের বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা প্রায় ৬০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১৫ লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে দাবি ওই ছাত্রলীগ নেতার।

