বগুড়া প্রতিনিধি : জেলার ধুনট ও নন্দীগ্রাম উপজেলায় বজ্রপাতে নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ৮ ও ৯টার দিকে পৃথক স্থানে বজ্রপাতে এ মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ধুনট সদর ইউনিয়নের পাকিহাটা গ্রামের নুরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম (৩৫) ও নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই গ্রামের নিমাই চন্দ্রের স্ত্রী জামুলি (৪০)।
ধুনট থানার এসআই আব্দুর রাজ্জাক জানান, রফিকুল ইসলাম সকাল ৯টার দিকে জমিতে কাজ করার জন্য গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে, স্থানীয় সূত্রে জানা যায়, নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই গ্রামের নিমাই চন্দ্রের স্ত্রী জামুলি (৪০) সকাল ৮টার দিকে বাড়ির পাশে মাঠে গরু নিয়ে বের হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ শামছুর রহমান বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

