বরিশাল প্রতিনিধি : বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ইদ্রিস মাঝিকে (৩২) কুপিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার চরএককরিয়া লস্করপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ইদ্রিস মাঝি উপজেলার এককরিয়া ইউনিয়নের লস্করপুর গ্রামের মৃত সেকান্দার মাঝির ছেলে। তিনি এককরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ স্বজনদের বরাত দিয়ে জানায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে ইদ্রিস মাঝির মায়ের চাচাতো ভাই রশিদ হাওলাদারের সঙ্গে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ভোরে মোবাইলে চার্জ দেয়ার কথা বলে ইদ্রিস মাঝির মামা রশিদ হাওলাদারের ছেলে ইকবাল হাওলাদারের তার ঘরে ঢোকে। এ সময় ইদ্রিস মাঝিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ইদ্রিস মাঝির চিৎকার দিলে ইকবাল দৌড়ে পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি সত্যতা নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল কুমার দে জানান, মৃতদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

