গাজীপুর প্রতিনিধি : নাশকতা পরিকল্পনার অভিযোগে আটক ৩৪ জন জামায়াত-শিবির কর্মীকে পুলিশ হেফাজত থেকে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা দায়ের করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে তাদের ১০ দিনের পুলিশি রিমান্ড আবেদন করে আদালতে পাঠায় পুলিশ।
এর আগে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন পুলিশ সুপার মো. হারুন অর রশিদ।
তিনি জানান, আগামী ১৬ জুন জামায়াত নেতা ও যুদ্ধাপরাধে অভিযুক্ত আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রায় ঘোষণা করা হবে। এ রায়কে কেন্দ্র করে দেশে অরাজকতা সৃষ্টির জন্য ১৯টি জেলার বিভিন্ন স্তরের অর্ধশত জামায়াত শিবিরের নেতাকর্মী জড়ো হয়ে নাশকতার পরিকল্পনা করছিল। এ তথ্যের ভিত্তিতে গাজীপুরের শিববাড়ির ইউরো বাংলা চায়নিজ রেস্টুরেন্টে অভিযান চালায় পুলিশ। এ সময় ২০টি পেট্রোলবোমা, লিফলেট ও জিহাদি বইসহ ৩৪ জনকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে গাজীপুর মহানগর জামায়াত সেক্রেটারি খায়রুল হাসান ও ওয়ার্ড সভাপতি সাদেকুজ্জামানসহ বিভিন্ন মামলার আসামি রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়াসহ নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

