নিজস্ব প্রতিবেদক : নজরুল জয়ন্তী- ১৪২২ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের উদ্যোগে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেরা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিদ্রোহী কবিতার ‘আমি: এ-কালের ধ্রুপদ অথবা বদলে যাওয়া ইতিহাসের সর্বাত্মক স্বর’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. সেলিম মোজাহার।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘নজরুল শুধু বিদ্রোহী কবিই ছিলেন না, তিনি অসম্প্রদায়িক চেতনায় মানুষকে উদ্বুদ্ধ করতেন। তার গান, কবিতা ও রচনায় সাধারণ মানুষের স্বাধীনতার রূপ প্রতিফলিত হয়। নজরুলের অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হয়ে আমাদের ধর্মীয় সহিংসতা ও উগ্রতা থেকে বেরিতে আসতে হবে। দেশের মাটি ও মানুষের জন্য জীবনকে উৎসর্গ করতে হবে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হোসনে আরা বেগম। বাংলা বিভাগের শিক্ষকরা ছাড়াও অন্যান্য বিভাগের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তারা সেমিনারে উপস্থিত ছিলেন।

