তথ্যপ্রযুক্তি ডেস্ক : ১৫ জুন থেকে শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় প্রযুক্তির আসর ‘বাংলাদেশে আইসিটি এক্সপো-২০১৫। মেলাটি উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার রাষ্ট্রপতির কাছে আমন্ত্রণপত্র তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক।
এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, তথ্য প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মুহাম্মাদ জসিম উদ্দিন এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি এ এইচ এম মাহফুজুল আরিফ।
বাংলাদেশ সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) উদ্যোগে যৌথভাবে তিন দিনের এই প্রদর্শনী ও মেলার আয়োজন করা হয়েছে।
মেলার নিয়ে বিসিএস সভাপতি এ এইচ এম মাহফুজুল আরিফ বলেন, দেশীয় প্রযুক্তি শিল্পের টেকসই উন্নয়ন ও সম্ভাবনার প্রতিচিত্র তুলে ধরতেই আমরা এবার ভিন্নমাত্রায় আয়োজন এই মেলার আয়োজন করা হয়েছে।
এই আয়োজনে সরকারের আইসিটি বিভাগের পাশাপাশি রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্প এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। সহযোগী হিসেবে আছে বেসিস, সিটিও ফোরাম এবং আইএসপিএবি।
এবারই প্রথম মেলায় ইনোভেশন জোন রাখা হবে। সেখানে নবীনদের নানা উদ্ভাবন প্রদর্শিত হবে। এছাড়া গেইমিং প্রতিযোগিতা, রোবট শো, সেলব্রেটি শো হবে এই জোনে।”
প্রদর্শনীর তিন দিনে ক্লাউড কম্পিউটিং, সাইবার নিরাপত্তা, ডিজিটাল মাকেটিং, উদ্যোক্তা সম্মেলনসহ তথ্য-প্রযুক্তি ভিত্তিক ১০টি সেমিনার অনুষ্ঠিত হবে। এছাড়াও ‘ভবিষ্যৎ উদ্যোক্তা ফোরাম` শীর্ষক সম্মেলনের আয়োজন করা হবে।
প্রদর্শনী চলাকালে ইনোভেশন প্রজেক্ট চ্যাম্পিয়নশিপ, ডিজিটাল ফটো কনটেস্ট, সেলফি কনটেস্ট, গেইমিং কনটেস্ট, সেলিব্রেটি শো, প্রোডাক্ট শো, স্পন্সর আওয়ার নামের নানান সেশন অনুষ্ঠিত হবে। এছাড়াও প্রতিদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
মেলায় শিশুদের জন্য বিশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আয়োজন করা হয়েছে। বয়স ভিত্তিক দুই বিভাগে ‘তোমার ভবিষৎ স্বপের ডিভাইস’ বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ১৬ জুন বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে।
মেলা সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত।

