প্রযুক্তি ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান এইচপি নতুন একটি ল্যাপটপ বাজারে উম্মুক্ত করার ঘোষণা দিল। হীরক খচিত এই ল্যাপটপটিতে স্বর্ণের প্রলেপ দেয়া হয়েছে। এই ল্যাপটপের মডেল স্পেকটেয়ার ১৩।
ইতোমধ্যে এইচপি স্টোরগুলোতে ল্যাপটপটি শোভাবর্ধন করছে কিন্তু এইচ পি দু’জন জনপ্রিয় ডিজাইনার দিয়ে লিমিটেড এডিশনের এই মডেলটিকে উদ্বোধন করা হবে। এর সাথে আরও একটি আকর্ষণীয় ল্যাপটপও উম্মুক্ত করতে যাচ্ছে এইচপি।
১৮ ক্যারেটের স্বর্ণের প্রলেপ দেয়া এই ল্যাপটপটতে হীরা দিয়ে এইচপির লোগো ডিজাইন করা হয়েছে । কি-বোর্ড লেআউটে আনা হয়েছে পরিবর্তন। এতে সাধারণ ফন্ট ব্যবহার না করে হাতের লেখার ফন্ট ব্যবহার করা হয়েছে। জ্যাস হান্নাহ নামে একজন ডিজাইনার কি-বোর্ডটির ডিজাইন করেছেন।
অন্য আরেকটি মডেলের ডিজাইন করেছেন টর্ড বোনজে। এই মডেলটিতে স্বর্ণের ওপরে প্রজাপতি অঙ্কন করা হয়েছে। সুদৃশ্য ফুলের ডিজাইন রয়েছে ল্যাপটপটির রিয়ারে।
বিশেষ উদ্দেশ্য নিয়ে এই ল্যাপটপগুলো তৈরি করা হয়েছে। এই ল্যাপটপগুলো বিক্রির টাকা নেলসন মেন্ডেলা ফাউন্ডেশনে দান করা হবে। এইচপি এখনও পর্যন্ত নির্দিষ্ট করে দেয়নি এই ল্যাপটপগুলোর সর্বোচ্চ মূল্য কত হবে। তবে সর্বনিম্ন ১২০০ ডলার থেকে এর মূল্য শুরু হবে।

