তথ্যপ্রযুক্তি ডেস্ক : ২০১৫-১৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট তথ্য ও প্রযুক্তি বান্ধব নয়। তাই প্রস্তাবিত বাজেট তথ্য ও প্রযুক্তি বান্ধব করার জন্য ইন্টারনেটের উপর থেকে শতকরা ১৫ ভাগ ভ্যাট প্রত্যাহার, অপটিক্যাল ফাইবার পণ্য, ইন্টারনেট সংশ্লিষ্ট ক্যাবল, আইএসপি সেবা এবং কর্পোরেট ট্যাক্স কমানোর আহ্বান জানিয়েছেন আইসিটি খাতের তিন শীর্ষস্থানীয় সংগঠন।
বৃস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারের বেসিস মিলনায়তনে ‘বাজেট প্রতিক্রিয়া’ শীর্ষক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান, বাংলাদেশ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বাংলাদেশ কম্পিউটার সমিতি(বিসিএস) ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর নেতারা।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বেসিস সভাপতি শামীম আহসান, বিসিএস সভাপতি এইচএম মাহফুজুল আরিফ এবং আইএসপিএবি সভাপতি এম. এ. হাকিম। অনুষ্ঠানে তিন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন ।
শামীম আহসান বলেন, ‘বাজেট পেশ করার আগে অর্থমন্ত্রী ও জাতীয় রাজস্ব বোর্ডের কাছে বেশ কিছু প্রস্তাবনা পেশ করা হয়েছিল। তথ্যপ্রযুক্তি নির্ভর সেবায় আয়কর অব্যাহতি ২০১৪ সাল পযন্ত বর্ধিত করা, ই-কমার্সে আগামী ৩ থেকে ৫ বছর খুচরা বিক্রয়ের ক্ষেত্রে মূল্য সংযোজন কর প্রত্যাহার এবং ইন্টারনেট সরবরাহের ক্ষেত্রে ফাইবার অপটিক্যাল কেবল ও।
অন্যান্য আইএসপি পণ্যে ভ্যাট প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছিল। কিন্তু প্রস্তাবিত বাজেটে এসবের কোন সুযোগ সুবিধাই দেয়া হয়নি। ফলে প্রস্তাবিত বাজেট তথ্য ও প্রযুক্তি বান্ধব নয়।’
এএইচএম মাহফুজুল আরিফ জানান, বাজেটে তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট হার্ডওয়্যার খাত ও আইটি অবকাঠামো উন্নয়নের বিষয়টি উপেক্ষিত হয়েছে। অথচ হার্ডওয়্যার ও আইটি অবকাঠামো ছাড়া তথ্য প্রযুক্তির উন্নয়ন অসম্ভব।
এম এ হাকিম বলেন, প্রস্তাবিত বাজেটে আইএসপিএবির প্রস্তাবনা সবচেয়ে বেশি উপেক্ষিত হয়েছে। কম্পিউটার, নেটওয়্যার্ক ইকুইপমেন্ট ও ফাইবার অপটিক ক্যাবলের দাম কমানো ছাড়া অন্য প্রস্তাবনাগুলো বিবেচনা করা উচিত। বাজেটে গ্রাহক পযায়ে ইন্টারনেটে ১৫ শতাংশ মূসক অব্যাহত বিষয়টি তথ্য প্রযুক্তির জন্য অন্তরায় হয়ে থাকবে।
সংবাদ সম্মেলনে তথ্য প্রযুক্তি খাতের বিকাশের জন্য বাজেট পাশের আগে এসমস্ত সুপারিশ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

