বিনোদন ডেস্ক : একটি রিয়েলিটি শো এর মাধ্যমে সংগীতাঙ্গনে পা রাখেন কর্নিয়া। এখন পর্যন্ত একাধিক গান করলেও নেই তার কোন মিউজিক ভিডিও। অবশেষে ঈদে একটি মিউজিক ভিডিও প্রকাশের মাধ্যমে এই খরা কাটাতে যাচ্ছেন এই কণ্ঠশিল্পী। ‘হিরো’ শিরোনামের গানটির কথা, সুর এবং সংগীতপরিচালনা করেছেন আরফিন রুমি। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন ফরহাদ আহমেদ।
এ প্রসঙ্গে কর্নিয়া বলেন, যেহেতু এটা আমার ক্যারিয়ারের প্রথম মিউজিক ভিডিও তাই এটি নিয়ে আমি একটু উচ্ছ্বসিত। গানটার প্রমো ইতিমধ্যে গানবাংলা চ্যানেলে প্রচারিত হচ্ছে। খুব শিগগিরি সম্পূর্ণ গানটি প্রচার করা হবে। গানটি নিয়ে আমি আশাবাদী।
‘হিরো’ গানটি থাকবে কর্নিয়ার একক অ্যালবামে। ইতিমধ্যে এই অ্যালবামের ৪ টি গানের কাজ সম্পন্ন হয়েছে। গানগুলোর সংগীতায়োজন করেছেন পার্থ মজুমদার, আরফিন রুমি এবং নির্ঝর চৌধুরী।

