স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে ম্যাচে একজন মাত্র পেসার নিয়ে মাঠে নামার পর থেকেই বাংলাদেশের একাদশ নিয়ে কানাঘুষা চলছিল সংবাদকর্মীদের মধ্যে। ভারত স্পিনে পারঙ্গম। তারপরও তাদের বিপক্ষে একঝাঁক স্পিনার খেলানো নিয়েও সমালোচনা উঠেছে।
কিন্ত ফতুল্লার উইকেটের কারণেই স্পিন নির্ভর বোলিং আক্রমণভাগ বেছে নেওয়ার কথা জানালেন হাথুরুসিংহে, ‘স্পিন নির্ভর বোলিং আক্রমণ বেছে নেওয়ার কারণ হচ্ছে এখানকার কন্ডিশন। অপর কারণ হচ্ছে আমাদের বৈচিত্র্যময় অফ স্পিনাররা রয়েছেন। গত কয়েকটি সিরিজে দেখা গেছে ভারতীয় ব্যাটিংলাইন আপের বিপক্ষে অফ স্পিনাররা সফলতা পাচ্ছেন।’
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পেস অ্যাটাকের অন্যতম নির্ভরযোগ্য নাম রুবেল হোসেন। ভারতের বিপক্ষে একমাত্র পেসার মোহাম্মদ শহীদের সঙ্গে রুবেলকে রাখা যেত কিনা প্রসঙ্গও উঠে আসে। তবে এমন উইকেটে রুবেলকে খেলিয়ে আবারো তাকে চোটে ফেলার ঝুঁকি নিতে চাননি বলেই জানান জাতীয় দলের কোচ, ‘রুবেল চোট থেকে ফিরেছে মাত্র। সে এখনো শতভাগ ফিট নয়। আমরা মনে করেছি এ ধরনের উইকেটে রুবেল খেললে আবারো চোটে পড়তে পারে। কারণ চোট থেকে ফেরার পর এখনো সে কোনো ম্যাচ খেলে নিজের ফিটনেসের প্রমাণ দেওয়ার সুযোগ পায়নি।’
তাছাড়া ২০১৭ সালের জুনে ইংল্যান্ড ও ওয়েলসে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই টুর্নামেন্টে খেলতে হলে আগামী ৩০ সেপ্টেম্বর র্যাঙ্কিংয়ে আট নম্বরের মধ্যে থাকতে হবে বাংলাদেশকে। বাংলাদেশের জন্য ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ তাই খুব গুরুত্বপূর্ণ।
ফতুল্লা টেস্টে রুবেলকে একাদশে না রাখার কারণ প্রসঙ্গে হাথুরুসিংহে বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে রুবেলকে মাঠে দেখতে চাই। কারণ ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ আমাদের জন্য খুব গুরত্বপূর্ণ। সেখানে রুবেলকে আমাদের দরকার হবে। ভারতের বিপক্ষে অন্তত একটি জয় আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সম্ভাবনাকে উজ্জ্বল করবে। তাছাড়া ফতুল্লার কন্ডিশন অনুযায়ী রুবেল সম্পূর্ণ উপযোগীও নন।’

