বিনোদন ডেস্ক : এক সময় নিয়মিত টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করতে দেখা গেছে অভিনেতা সিজারকে। কিন্তু হঠাৎ করেই দীর্ঘদিন তিনি পর্দায় উপস্থিত ছিলেন না। আবার তিনি পর্দায় ফিরছেন। এবার একই সঙ্গে অভিনয় এবং নির্মাণে ফিরছেন তিনি। এরই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি নির্মাণ করেছেন একক নাটক ‘স্বপ্ন সত্যি’।
ফজলুল করিমের রচনায় নাটকটিতে সিজারের সঙ্গে অভিনয় করেছেন অহনা। সম্প্রতি ঢাকার উত্তরার বিভিন্ন লোকেশনে তিনি নাটকটির শুটিং করেছেন। এ বিষয়ে সিজার বলেন, ‘আমার ইচ্ছে আছে নিয়মিত নাটক নির্মাণের। কিন্তু নিজের ব্যবসা সামলিয়ে যেটুকু পারা যায়। এই কাজটি দর্শকের ভালো লাগবে বলে আশা করছি।’
তিনি আরো জানান, আসছে ঈদের জন্য নির্মাণ করা হয়েছে নাটকটি।

