স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, কোচ লুইস এনরিক আরও দুই বছর ন্যু-ক্যাম্পে থাকার ব্যাপারে একমত হয়েছেন। এনরিকের সঙ্গে দুই বছরের চুক্তি সম্পন্ন হয়েছে বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়।
নতুন চুক্তি অনুযায়ী, ২০১৭ সালের জুন পর্যন্ত কাতালান ক্লাবে থাকবেন এনরিক। মঙ্গলবার বার্সেলোনা তাদের নিজস্ব ওয়েবসাইটে চুক্তির বিষয়টি নিশ্চিত করে।
গত বছর বার্সেলোনার দায়িত্ব নিয়েছিলেন লুইস এনরিক। দায়িত্বের প্রথম মেয়াদেই কাতালান ক্লাবটিকে ট্রেবল জিতিয়ে অনন্য রেকর্ড গড়েন তিনি।
তবে মৌসুমে প্রথমার্ধে বাজে পারফরম্যান্স ও মেসির সঙ্গে দ্বন্দ্বের জের ধরে তিনি কিছুটা অসন্তুষ্ট ছিলেন বলে মিডিয়া দাবি করে আসছিল। এই কারণে তিনি ন্যু-ক্যাম্প ছাড়তে পারেন বলে গুঞ্জন উঠে।
যাই হোক, মঙ্গলবার নতুন চুক্তির সংবাদ জানিয়ে বার্সেলোনা সেই গুঞ্জনে জল ঢেলে দিলো।
মঙ্গলবার বার্সা তাদের ওয়েবসাইটে জানায়, ‘লুইস এনরিককে ২০১৭ পর্যন্ত রেখে দেয়ার ব্যাপারে তার সঙ্গে আমাদের চুক্তি হয়েছে।’
প্রসঙ্গত, ১৯৯৬ সালে রিয়াল মাদ্রিদ থেকে বার্সেলোনায় খেলোয়াড় হিসেবে যোগ দেন লুইস এনরিক। আট মৌসুমে কাতালান ক্লাবটির হয়ে সমান দুটি করে লা লিগা ও কোপা ডেল রে শিরোপা জয় করেন তিনি।

