স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের হয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছে লিটন কুমার দাসের। বুধবার ফতুল্লার খান সাহেব সমান আলি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে বাংলাদেশের ৯১ টেস্টে ৭৭তম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্যাপ মাথায় তোলার সৌভাগ্য হয়েছে ডানহাতি এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের।
লিটনের অভিষেকে মুশফিক তার কিপিং গ্লাভস তুলে দিয়েছেন নতুন এই উইকেটরক্ষকের হাতে। অবশ্য পুরোপুরি গ্লাভস জোড়া তুলে না দিলেও আপাতত ফতুল্লা টেস্টে উইকেটের পিছনে মুশফিক নন উইকেটরক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন লিটন।
মাহমুদুল্লাহ রিয়াদ ইনজুরিতে পড়ায় এমনিতেই একজন ব্যাটসম্যান দলে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। এ কারণে বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবেও লিটনের অভিষেক হলে অবাক হওয়ার কিছু থাকতো না। তবে মুশফিকুর রহিমের ডানহাতের আঙ্গুলের ব্যথা পুরোপুরি সেরে না ওঠায় লিটনের অভিষেকটা আরও ত্বরান্বিত করেছে।
পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে দলে ছিলেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন কুমার। তবে সেবার কোনো ম্যাচ না খেললেও এই তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যানের ওপর আস্থার কমতি ছিল না নির্বাচকদের। তাই ভারতের বিপক্ষে টেস্ট দল ঘোষণার সময় জাতীয় দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ জানান, মুশফিকের ইনজুরির জন্য নয়, নিজের যোগ্যতাতেই দলে আছেন লিটন।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) দ্বিতীয় সর্বোচ্চ রান করা লিটন এবারের জাতীয় লিগেও ১০২৪ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটসম্যান। শুধু কি তাই! জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ৫টি সেঞ্চুরি করে নতুন রেকর্ডও গড়েছিলেন তিনি। আর বয়সভিত্তিক ক্রিকেট থেকে উঠে আসা তরুণ এই ক্রিকেটার ধীরে ধীরে নিজের দক্ষতার জানান দিচ্ছেন। শেষ পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে ভাল পারফরম্যান্সের পুরস্কার হিসেবে বাংলাদেশ জাতীয় দলে টেস্ট ক্যাপ মাথায় উঠল লিটনের।

