স্পোর্টস ডেস্ক : দুটি সেঞ্চুরির পাশাপাশি দুটি হাফ সেঞ্চুরি, স্কোরবোর্ডে ৪০০’র বেশি রান, দুই বোলারের সমান চারটি করে উইকেট লাভ, বেশ কয়েকটি রেকর্ড-বিশ্বরেকর্ড- সব মিলিয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে সফরকারী নিউজিল্যান্ডকে দাপটের সঙ্গে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিক ইংল্যান্ড। এজবাস্টেনে মঙ্গলবার কিউইদের রেকর্ড ২১০ রানে হারিয়েছে ইংলিশরা।
জো রুট ও জস বাটলারের সেঞ্চুরি এবং এউইন মরগান ও আদিল রশিদের হাফ সেঞ্চুরির সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৪০৮ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। ওয়ানডেতে এটাই ইংলিশদের সর্বোচ্চ সংগ্রহ। জবাবে স্টিভেন ফিন ও আদিল রশিদের তোপের মুখে পড়ে মাত্র ১৯৮ রানে গুটিয়ে গিয়ে ২১০ রানের লজ্জাজনক পরাজয় নিয়ে মাঠ ছাড়ে ব্রেন্ডন ম্যাককালামের দল।
মঙ্গলবার টসে জিতে ব্যাটিং না নিয়েই হয়তো ভুল করেছেন কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। যদিও শুরুটা নিউজিল্যান্ডের হয়েই কথা বলে। কোনো রান না তুলতেই জেসন রায় এবং ৫০ রানের সময় অ্যালেক্স হেলসকে সাজঘরে ফিরিয়ে দুর্দান্ত শুরু করে নিউজিল্যান্ড। তবে এরপর বাকি সময়টুক যেন ইংলিশ রুপকথা। তৃতীয় উইকেটে মরগান ও জো রুট মিলে ১২১ রানের জুটি গড়ে দুর্দান্ত প্রতিরোধ গড়ে তোলেন।
তবে ১৭১ থেকে ২০২- এই ৩১ রানের মধ্যে রুট, মরগান, বেন স্টোকস ও স্যাম বিলিংসকে আউট করে আধিপত্যের ঘোষণা দেন কিউই বোলাররা। রুট ৭৮ বলে ১৩টি চার ও ২টি ছক্কায় ১০৪ ও মরগান ৪৬ বলে ৫০ রান করে ফিরে যান।
কিন্তু সপ্তম উইকেটে জস বাটলার ও আদিল রশিদ মিলে বিশ্বরেকর্ড জুটি গড়ে দলকে চালকের আসনে নিয়ে যান। এই দুজন ১০৫ বলে ১৭৭ রানে মহাকাব্যিক জুটি গড়লে রানের পাহাড়ে উঠে ইংলিশরা। সপ্তম উইকেটে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এটাই সর্বোচ্চ সংগ্রহ।
৬৬ বলে সেঞ্চুরি করা বাটলার ৭৭ বলে ১২৯ রান করে সাজঘরে ফেরেন। তার ইনিংসটি ১৩টি চার ও ৫টি ছক্কায় সাজানো ছিল। রশিদের ৫০ বলে ৬৯ রানের ইনিংসটি ৭টি চার ও ২টি ছক্কায় সাজানো ছিল। মূলত এই দুজনের দুর্দান্ত জুটির কল্যাণেই প্রথমবারের মতো ৪০০ রানের মুখ দেখে ইংল্যান্ড। এর আগে ২০০৫ সালে বাংলাদেশের বিপক্ষে ৩৯১ রান করেছিল ইংলিশরা।
৪০৯ রানের অসম লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে প্রথম ওভারের শেষ বলে ম্যাককালামকে হারিয়েই মুলত ম্যাচ হেরে যায় নিউজিল্যান্ড। এরপর ইংলিশ বোলারদের তোপের মুখে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা কিউইরা মাত্র ১৯২ রানেই গুটিয়ে যায়। ৩৮ রানে শেষ ৭ উইকেট এবং ১৩ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ২১০ রানের লজ্জাজনক পরাজয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।
নিউজিল্যান্ডের হয়ে রস টেলর ৫৭ এবং কেন উইলিয়ামসন করেন ৪৫ রান।
ইংল্যান্ডের হয়ে স্টিভেন ফিন এবং আদিল রশিদ চারটি করে উইকেট লাভ করেন।
৭৭ বলে ১২৯ রানের মহাকাব্যিক ইনিংসের জন্য জস বাটলার ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন।
এই জয়ের ফলে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিক ইংল্যান্ড।

