নিজস্ব প্রতিবেদক : মননে মানবতা, শপথে যুক্তি- এ স্লোগানে আগামী ১১ জুন থেকে ঢাকা মেডিকেল কলেজে শুরু হতে যাচ্ছে দুইদিনব্যাপী এসকেইফ ৪র্থ এনডিএফ বিডি-ডিএমসি ডিসি জাতীয় মেডিকেল কলেজ বিতর্ক ও কুইজ উৎসব। দুইদিনের এ উৎসবে থাকছে উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য র্যালী, বাংলা ও ইংরেজিতে বিতর্ক প্রতিযোগিতা, সিনেমা প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা, বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা, প্রদর্শনী বিতর্ক, মাল্টিমিডিয়া উপস্থাপনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের চেয়ারম্যান একে এম শোয়েব।
তিনি জানান, ১১ জুন সকাল ৯টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে এর যাত্রা শুরু হবে। এরপর বর্ণাঢ্য র্যালি শেষে উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কামরুল হাসান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দ্যা নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির, একাত্তর টিভির বার্তা পরিচালক সৈয়দ ইশতিয়াক রেজা প্রমুখ। অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. কাজী দ্বীন মুহাম্মদকে আজীবন সম্মাননায় ভূষিত করা হবে।
টস রাউন্ডের মাধ্যমে বিতর্ক প্রতিযোগিতা শুরু হবে। বিভিন্ন বিষয়ের উপর বাংলা ও ইংরেজি ফরমেটে বিতর্ক অনুষ্ঠিত হবে। বাংলা বিতর্কে অংশ নেবে ২৪টি কলেজ এবং ইংরেজি বিতর্কে অংশ নেবে ১০টি কলেজ। এছাড়াও কুইজে অংশ নেবে ২০টি কলেজ।
১২ জুন সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. ইসমাইল খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বৈশাখি টেলিভিশনের সিইও মঞ্জুরুল আহসান বুলবুল, এসকেইফ বাংলাদেশের মহাব্যবস্থাপক ডা. মো: মুজাহিদুল ইসলাম প্রমুখ।
উৎসবটি সারাদেশের মেডিকেল শিক্ষার্থীদের সবচেয়ে বড় মিলনমেলায় পরিণত হবে বলে আশা করছেন উদ্যোক্তারা।

