স্পোর্টস ডেস্ক : ইউরোপীয় বন্ধুত্বের শেষ, লাতিন শত্রুতার শুরু! শনিবার রাতে বার্লিনে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি হাতে হাসি মুখে একসাথে ছবি তুলেছেন মেসি-নেইমার। এমনকি মেসি-সুয়ারেজকে নিয়ে সেলফিও তুলেছিলেন নেইমার। এরপর রোববার বার্সেলোনায় ফিরে মেতেছেন আনন্দে। তাঁরাই এবার একে অপরের শত্রু হবেন নিজেদের দেশের জার্সিতে।
ইউরোপের ক্লাবের যুদ্ধ শেষ হতে না হতেই চিলিতে শুরু হয়ে যাচ্ছে লাতিনের বিশ্বকাপ ‘কোপা আমেরিকা’। লাতিন আমেরিকার সেরা টুর্নামেন্টে বার্সেলোনা ত্রয়ীর তিন নম্বর তারকা লুইস সুয়ারেজ অবশ্য উরুগুয়ের জার্সিতে নামতে পারছেন না কোপা আমেরিকায়। গত বিশ্বকাপে ইতালির বিরুদ্ধে ম্যাচে কিয়েল্লিনিকে কামড়ানোর জন্য ৯’টি আন্তর্জাতিক ম্যাচে নিষিদ্ধ তিনি।
কোপায় নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিল মাঠে নামছে ১৪ জুন পেরুর বিরুদ্ধে। আর্জেন্টিনা ১৩ জুন খেলবে প্যারাগুয়ের বিরুদ্ধে। কে জিতবে এবারের কোপা আমেরিকা! যে যার মন্তব্য করুন, তবে জুয়াড়িদের বিচারে কিন্তু এগিয়ে মেসির আর্জেন্টিনিই।
সুয়ারেজ না থাকলেও ফুটবলপ্রেমীদের বিনোদনের জন্য লাতিনের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে থাকছেন অনেক তারকা। মাত্র তিনটি গ্রুপ, তাই প্রতিদ্বন্দ্বিতাও চূড়ান্ত। পাঠকদের জন্য বড় দলগুলোর হাল হাকিকত তুলে ধরা হল-
আর্জেন্টিনা
প্রধান তারকা : মেসি, আগুয়েরো, ডি মারিয়া, তেভেজ।
একই গ্রুপে গত বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে (খেলা ১৬ জুন ) এবং রানার্স প্যারাগুয়ে (১৩ জুন)। অন্য দলটি কনকাকাফ অঞ্চলের জ্যামাইকা (২০ জুন )।
ত্রিমুকুট জয়ী মেসির ফর্ম রয়েছে তুঙ্গে। প্রস্তুতি ম্যাচে বলিভিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করেছেন আগুয়েরোও। জুভেন্তাসের জার্সিতে তেভেজেরর দ্বিমুকুট। ২০১০ বিশ্বকাপে মেসি-তেভেজ জুটির ব্যর্থতার পর তাদের সামনে ফের সুযোগ হিট হওয়ার। দলে সে রকম চোট আঘাত নেই। কোচ তাতা মার্টিনোর প্রথম টুর্নামেন্টে দল অন্যতম ফেভারিট।
ব্রাজিল
প্রধান তারকা: নেইমার, লুইস, সিলভা, তারদেল্লি। গ্রুপে কলম্বিয়া (১৭ জুন ), পেরু (১৪ জুন) এবং ভেনেজুয়েলা (২১ জুন )।
চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগায় গোলের মধ্যেই ছিলেন নেইমার। চেলসিকে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন করাতে বড় ভূমিকা থাকলেও, কোপায় নেই আরেক উদীয়মান তারকা অস্কার। লুইস ও সিলভা আবার প্যারিস সেন্ট জার্মেইকে ফরাসি চতুর্মুকুট জিতিয়েছেন। কোচ কার্লোস দুঙ্গার দ্বিতীয় ইনিংসে এটাই প্রথম টুর্নামেন্ট এবং নেইমাররাও অন্যতম ফেভারিট।
চিলি
প্রধান তারকা : সানচেজ, ভিদাল, ভ্রাবো। গ্রুপে আছে মেক্সিকো (১৫ জুন), ইকুয়েডর (১১ জুন) এবং বলিভিয়া (১৯ জুন)।
আর্সেনালের হয়ে দুরন্ত খেলা দেখিয়ে এফএ কাপ জিতেছেন সানচেজ। ভিদালের পকেটে জুভেন্তাসের দ্বিমুকুট। ঘরের মাঠে প্রবল সমর্থনও থাকছে সালাস-জামারানোর উত্তরসূরিদের জন্য।
কলম্বিয়া
প্রধান তারকা: রাদামেল ফ্যালকাও, হামেস রদরিগেজ, হুয়ান কুয়াড্রাডো, কার্লোস বাক্কা। গ্রুপের বড় ভাই ব্রাজিল (১৭ জুন)। এ ছাড়া আছে পেরু (২১ জুন) ও ভেনেজুয়েলা (১৪ জুন)।
প্রধান তারকাদের মধ্যে সবচেয়ে আত্মবিশ্বাসী থাকবেন সেবিয়ার বাক্কা। গোলের মধ্যেও আছেন তিনি। ইউরোপা কাপও জিতেছেন। রিয়াল মাদ্রিদে হামেস রদ্রিগেজের ফর্ম দারুণ কিছু নয়। ফ্যালকাও চোটের জন্য এবং পরে সুযোগ না পেয়ে দীর্ঘ দিন কাটিয়েছেন বেঞ্চে। চেলসিতে কুয়াড্রাডোর পরিচিতিও বদলি হিসেবে।
উরুগুয়ে
প্রধান তারকা: এডিনসন কাভানি, ক্রিশ্চিয়ান রদ্রিগেজ, গোডিন। গ্রুপে আর্জেন্টিনা (১৬ জুন), প্যারাগুয়ে (২০ জুন) এবং জ্যামাইকা (১৩ জুন)।
দিয়েগো ফোরলান অবসর নিয়েছেন। সুয়ারেসকেও পাচ্ছে না অস্কার তাবারেজের দল। গোলের জন্য পিএসজির কাভানির ওপরই নির্ভর করতে হবে উরুগুয়েকে।
কোপা আমেরিকায় তারকা ফুটবলারদের সমাবেশ
লিওনেল মেসি, কার্লোস তেভেজ, সার্জিও আগুয়েরো, অ্যাঞ্জেল ডি মারিয়া (আর্জেন্টিনা), নেইমার, ডেভড লুইস, থিয়াগো সিলভা (ব্রাজিল ), আলেক্সিস সানচেজ, আরতুরো ভিদাল (চিলি ), রাদামেল ফ্যালকাও, হামেস রদ্রিগেজ, কার্লোস বাক্কা, হুয়ান কুয়াড্রাডো (কলম্বিয়া ), এডিনসন কাভানি, দিয়েগো গোডিন (উরুগুয়ে ), ভ্যালেন্সিয়া (ইকুয়েডর )
কোপা আমেরিকা দেখা যাবে সনি সিক্সে। মধ্য রাত ও ভোর রাতে খেলা।

