স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের আগে থেকেই বাংলাদেশ দল জয়ের ধারবাহিকতার মধ্যে ছিল। এমনকি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মতো পেস-সহায়ক কন্ডিশনেও বাংলাদেশ ভালো পারফরম্যান্স করে দেখিয়েছিল। পাকিস্তানের বিপক্ষে গত সিরিজেও সেই ধারবাহিকতা ধরে রেখেছিল তারা। ধারাবাহিক পারফরম্যান্সের কারণে টিম বাংলাদেশকে দারুণ সহীর চোখে দেখছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ এক সমীহ জাাগানিয়া দলে পরিণত হয়েছে। যদিও টেস্টে স্বাগতিকরা এখনো সেভাবে নিজেদেরকে মেলে ধরতে পারেনি। তবে গত মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ দল দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ড্র করেছিল। ওই সিরিজে তামিম ইকবাল এবং ইমরুল কায়েস করেছিলেন রেকর্ড-জুটি। তাই বাংলাদেশকে এখন আর কেউই ছোট দল হিসেবে দেখার সাহস কওে না বলে বলে জানান কোহলি।
বুধবার থেকে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-ভারত একমাত্র টেস্ট ম্যাচটি। মঙ্গলবার দুপুরে ভারতীয় দল ফতুল্লার টেস্ট ভেন্যুতে অনুশীলন করতে নামে। তার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া টেস্ট নিয়ে নিজেদের ভাবনার কথা জানান বিরাট কোহলি।
মাত্র দু’দিন আগে বাংলাদেশ সফরে এসে ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের ক্রিকেটকে প্রশংসায় ভাসিয়েছিলেন। এ ব্যাপারে জানতে চাইলে কোহলি বলেন, ‘অবশ্যই আমি আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পূর্ন একমত। কারণ বিশ্বকাপের মতো বড় আসরে বাংলাদেশ প্রমাণ করেছে. তারা এখন আর কোনো ছোট দল নয়। যে দলে সাকিব, তামিম ও মুমিনুলের মতো ব্যাটসম্যানরা রয়েছেন। যাদেরকে নিয়ে আমাদেরও আলাদা পরিকল্পনা রয়েছে।’
সোমবার সকালে ঢাকায় এসে পৌঁছান কোহলি অ্যান্ড কোং এবং ওইদিনই দুপুরে মিরপুরে অনুশীলন করেছিল ভারতীয় টেস্ট দল। তবে সফরকারীরা টেস্ট ভেন্যুতে মাত্র একদিন প্র্যাকটিস করে খেলতে নামছে মূল ম্যাচে। যদিও ফতুল্লায় আগেরদিন অনুশীলন করতে চেয়েছিল তারা। তবে পেশাদারিত্বের মোড়কে থাকা এ বিষয়টি নিয়ে মোটেও চিন্তিত নন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
এ বিষয়ে সফরকারী দলের অধিনায়ক বলেন, ‘বাংলাদেশের সবগুলো ভেন্যুর উইকেট সাধারণত একই ধরণের হয়ে থাকে। তাই এখানে (ফতুল্লায়) পর্যাপ্ত অনুশীলন করতে না পারলেও এটি ভালো খেলার কোনো অন্তরায় হয়ে দাঁড়াবে না। তাছাড়া গত বছর আমরা বাংলাদেশে এসে খেলে গিয়েছি। যে কারণে আমাদের ব্যাটসম্যানের উইকেট সম্পর্কে কিছুটা হলেও ভালো ধারণা আছে। আর বাংলাদেশের উইকেটে আমার কয়েকটি সেরা ইনিংসও আছে। যদিও সেগুলো ওয়ানডে ম্যচে।’
প্রতিপক্ষের কোচ চন্ডিকা হাথুরুসিংহে উইকেট নিয়ে চিন্তিত থাকলেও কোহলিকে ফতুল্লার উইকেট মোটেও ভাবাচ্ছে না। এমন উইকেটে দুই থেকে তিনজন দাঁড়িয়ে গেলে নির্দিধায় ৫০০ রান করে ফেলা সম্ভব বলে মনে করছেন ভারতীয় অধিনায়ক।
ফতুল্লার উইকেটে পাঁচ বোলার খেলানোর ব্যাপারে কোহলি বলেন, ‘এমন উইকেটে পাঁচজন বোলার খেলানোও যেতে পারে। আপনাাকে টেস্ট ম্যাচ জিততে হলে অবশ্যই প্রতিপক্ষের ২০টি উইকেট নিতে হবে। তবে আমাদের দলটি ব্যাটিং সমৃদ্ধ এক দল। তবে এখানকার যে উইকেট তাতে দু-থেকে তিন জন একটু ভালো ব্যাটিং করলে নিশ্চয় এখানে ৫০০ রান করা সম্ভব।’
ভারতীয় অধিনায়কের দৃষ্টিতে টেস্ট ম্যাচের সেরা কম্বিনেশনটান হচ্ছে ছয়জন ব্যাটসম্যান এবং পাঁচজন বোলার। তাতে করে জয়ের যথেষ্ট সম্ভাবনা থাকে বলে মনে করেন কোহলি। দলের বোলিং কম্বিনেশন কেমন হবে এ বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়টি নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করছি। তবে আমাদের আরেকটি বিষয়ও মাথায় রাখতে হবে প্রথম দুই দিন উইকেট ভালো থাকার পর তৃতীয়, চত’র্থ এবং পঞ্চম দিনে উইকেট ভেঙ্গে যায়। তাই এক্ষেত্রে শুধু পেসার নয় স্পিনারদেরও একটা ভুমিকা থাকে। তবে আমরা জয়ের জন্য সেরা দলটাই মাঠে নামবো।’

