স্পোর্টস ডেস্ক : মেসির ভক্তের অভাব নেই। অনেক শত্রুও পরিণত হয়েছেন মেসির খাঁটি ভক্তে। তবে সমালোচক যে কম নেই তাও নয়। যদিও ধীরে ধীরে নিজের পারফরম্যান্স দিয়ে তেমনিই সমালোচকদের নিজের ফ্যান ক্লাবের সদস্য বানিয়ে ফেলছেন মেসি। তেমনেই একজন টোটাল ফুটবলের জনক ডাচ কিংবদন্তী ইয়োহান ক্রুয়েফ।
বছর দুয়েক আগেও যিনি চেয়েছিলেন লিওনেল মেসিকে বিক্রি করে দিক বার্সা, সেই ক্রুয়েফ রীতিমত প্রশংসায় পঞ্চমুখ হলেন মেসির। সোমবার এলএম টেনের প্রশংসা করে তিনি বলেন, ‘জুভেন্তাসের বিরুদ্ধে মেসির জন্যই জিতল বার্সেলোনা। মাঝমাঠে এসে ও খেলাটা কী দুর্দান্তভাবেই না পরিচালনা করল।’
ক্রুয়েফের বিশ্বাস মেসি না থাকলে বার্সা কখনওই জুভেন্তাসকে হারাতে পারতো না। ওই ম্যাচে গোল পাননি সত্য, তবে ইভান র্যাকিটিচ, লুইস সুয়ারেজ এবং নেইমার যে তিনটি গোল পেয়েছেন সবগুলোর পেছনেই অসাধারণ অবদান ছিল মেসির। এ বিষয়টাই উল্লেখ করলেন ক্রুয়েফ।
তিনি বলেন, ‘মেসির ছাড় দেওয়ার মানসিকতাটা অসাধারণ। জানা ছিল জুভেন্তাস মেসিকে আটকানোর জন্যই সব প্ল্যান-পরিকল্পনা করে মাঠে নামবে। এ পরিস্থিতিতে মাঝ মাঠে থেকে মেসি খেলাটাকে নিয়ন্ত্রণ করেছে। পুরো মাঠের খেলা পরিচালনা করেছে। নিজের স্টাইল দিয়ে বার্সার জয়ের পথ উম্মোচন করেছে। গোলের জন্য বল বানিয়ে দিয়েছে। নিজে কয়েকটি মুভ করেছিলো ঠিক, তবে তা ভেস্তে গেছে জুভদের কঠিন রক্ষণাত্মক ভুমিকার কারণে।’

