স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে ঢাকায় পৌছেছে ভারতীয় ক্রিকেট দল। কলকাতা থেকে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে সোমবার সকাল ৯টায় হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখেন কোহলিরা।
বিমানবন্দর থেকে ভারতীয় টিম সরাসরি চলে যায় হোটেল সোনারগাঁওয়ে। আজ দুপুর আড়াইটায় সিরপুরে অনুশীলনে নেমে পড়বেন কোহলি বাহিনী। আজ মিরপুরে অনুশীলন করলেও আগামীকাল ফতুল্লায় চলে যাবে ভারতীয় দল। টেস্ট ভেন্যুকে পরখ করে দেখতেই সেখানে অনুশীলন করার কথা রয়েছে তাদের। তবে আগামীকালও বাংলাদেশের অনুশীলনের পর ভারত দুপুর আড়াইটায় অনুশীলন করবে।
গত বিশ্বকাপে মেলবোর্নের কোয়ার্টার ফাইনালে সেই বিতর্কিত ম্যাচের পর বাংলাদেশ-ভারত ক্রিকেট সম্পর্কে যে উত্তেজনা বিরাজ করছিল, তারপর এটাই প্রথম বাংলাদেশ-ভারত সিরিজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। যে কারণে অন্য যে কোন সময়ের তুলনায় বাংলাদেশ-ভারত সিরিজ এখন বেশ আলোচিত একটা ক্রিকেট সিরিজে পরিণত হয়েছে।
তারওপর, বিশ্বকাপের পরপরই বাংলাদেশে এসে পাকিস্তান যেভাবে নাস্তানাবুদ হয়েছে, তাতে করে ভারতীয়রাও বেশ সতর্ক। যে কারণে বাংলাদেশ সফরের জন্য পূর্ণ শক্তির টেস্ট এবং ওয়ানডে দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকরা। বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি থেকে শুরু করে বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার বিশ্রাম চেয়েও পাননি। তাদেরকে আসতে হচ্ছে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলার জন্য।
কলকাতা থেকে মোট ২৫ সদস্যের ভারতীয় দল বাংলাদেশে এসে পৌঁছায়। এর মধ্যে রয়েছেন ১৪জন ক্রিকেটার, বাকি ১১জন কর্মকর্তা। ব্যাটসম্যান লোকেশ রাহুল অসুস্থতার কারণে টেস্ট দল থেকে সরে দাঁড়ান। সকাল সাড়ে ৯টায় বিমান বন্দরে পৌঁছার পর সাড়ে ১০টার দিকে হোটেল সেনারগাঁওয়ে এসে পৌঁছায় তারা। বিকাল আড়াইটায় মিরপুরে অনুশীলন করবে বিরাট কোহলিরা।
সিরিজের একমাত্র টেস্ট শুরু হবে ১০ জুন ফতুল্লায়। এরপর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ১৮, ২১ ও ২৪ জুন সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ।
ভারতীয় দল: বিরাট কোহলি, শিখর ধাওয়ান, চেতেশ্বর পুজারা, রোহিত শর্মা, ঋদ্ধিমান সাহা, আজিঙ্কা রাহানে, বরুন অ্যারোন, রবিচন্দ্র অশ্বিন, হরভজন সিং, ভুবনেশ্বর কুমার, ইশান্ত শর্মা, করন শর্মা, মুরালি বিজয় ও উমেষ যাদব।

