নিজস্ব প্রতিবেদক : ৭ জুন, ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১টায় জবি শিক্ষকদের সংগঠন নীলদলের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘বাঙালির মুক্তির সনদ হিসেবে বঙ্গবন্ধু ৬ দফা উপস্থাপন করেছিলেন। ছয় দফা বাঙালির বাঁচার দাবিতে পরিণত হয়েছিল। বঙ্গবন্ধু জানতেন, ৬ দফা উত্থাপিত হলে তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হতে পারে, তবুও তিনি বাঙালিদের স্বাধীনতার প্রতীক ছয় দফা দিতে পিছ পা হননি।’
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু এক নদী নয়, দেশের চুয়াল্লিশটি নদীর পানির ন্যায্য হিস্যা ভারত থেকে আদায় করবেন। বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শিগগিরই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।’
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান ও ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদলের সভাপতি অধ্যাপক মো. আশরাফ-উল-আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চলনা করেন নীল দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সালাম। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরাও সভায় উপস্থিত ছিলেন।

