স্পোর্টস ডেস্ক : যে ঘটনা এতদিন দেখেনি কেউ, শোনেওনি- সেটাই এবার ঘটতে যাচ্ছে বাংলাদেশ-ভারত ক্রিকেট সিরিজের সময়। এমনিতেই অনাকাংখিত কোন পরিবেশ সৃষ্টি হোক কিংবা সফরকারী ভারত কোনভাবে নাখোশ হোক- এমন কোন ব্যানার-ফেস্টুন কিংবা স্লোগান গ্যালারিতে নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার প্রশাসন তার চেয়েও একটু এগিয়ে। তারা বাংলাদেশ-ভারত টেস্ট চলাকালীন সময়ে ফতুল্লা স্টেডিয়ামের পাশে অবস্থিত রওজাতুন সালেহীন আলিম মাদ্রাসা বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছে। ভারতের এনডিটিভি অনলাইন এবং আজকাল পত্রিকা জানাচ্ছে এ খবর।
কলকাতার আজকাল পত্রিকা ‘সুরক্ষায় বন্ধ মাদ্রাসা’ শিরোনামে লিখেছে- ‘ভারতীয় ক্রিকেটারদের সুরক্ষার জন্য সাময়িকভাবে বন্ধ করা হবে মাদ্রাসা।’ তারা বাংলাদেশে ক্রিকেট বোর্ডের নিরাপত্তা প্রধান হোসেন ইমামের বরাত দিয়ে এ খবর জানায়।
আজকাল পত্রিকার রিপোর্টে লেখা হয়েছে, ‘ভারতীয় দলকে কালো পতাকা দেখানোর ওপরেও জারি হয়েছে নিষেধাজ্ঞা। সম্প্রতি রাজধানী ঢাকায় ব্লগার হত্যায় মাদ্রাসার ছাত্রদের নাম জড়ানোয় সুরক্ষার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। সোমবার বাংলাদেশে পৌঁছবে ভারতীয় দল। নারায়ণঞ্জের ফতুল্লা মাঠে পাঁচ দিনের একটি টেস্ট ম্যাচ রয়েছে। ১০ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত চলবে খেলা। সেই ম্যাচের আগেই সরকারের নির্দেশে বোর্ডের এহেন আচরণে ক্ষুব্ধ মাদ্রাসা প্রধান মৌলানা আব্বাস সাখোর। তার ওপর আগুনে ঘি ঢালার কাজ করেছেন দেশের ক্রিকেট কাউন্সিলের সভাপতি (সাবেক) মুস্তাফা কামাল। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশকে ইচ্ছাকৃতভাবে হারানোর অভিযোগটি তুলে ফের দেশবাসীকে উসকে দিয়েছেন তিনি। অন্যদিকে মাদ্রাসার ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা জানিয়েছে, সরকার যা-ই বলুক, তারা খেলার দিন মাঠে কালো পতাকা নিয়ে প্রতিবাদ জানাতে হাজির থাকবে।’
এনডিটিভি তাদের রিপোর্টে জানাচ্ছে, ‘বাংলাদেশ-ভারত সিরিজের সময় বাংলাদেশের কর্তৃপক্ষ স্টেডিয়ামের আশে-পাশে ইসলামিক শিক্ষাকেন্দ্র বন্ধ করে দিতে চলেছে। ফতুল্লাহর রওজাতুন সালেহিন আলিম মাদ্রাসার প্রধান মৌলানা আবদুস শাকুর এএফপিকে জানান, ১০ থেকে ১৪ জুন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তারা মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য চিঠি পেয়েছেন। তিনি বলেন, এই প্রথম আমরা এমন একটি নির্দেশ পেলাম।’
মৌলানা আবদুস শাকুর এএফপিকে বলেন, ‘আমরা খুবই অবাক হয়েছি সরকারের এমন সিদ্ধান্তে। এর আগে এখানে তো এশিয়া কাপের খেলা হয়েছে। তখন শুধু ক্লাস বাতিলের নির্দেশ দেওয়া হয়েছিল এবার আমাদেরকে বলা হয়েছে মাদ্রাসা ৫ দিনের জন্য ছুটি দিয়ে দিতে।’ তবে তিনি জানান, মানবিক কারণে মাদ্রাসার এতিমখানা অংশে ২৫ জন এতিমকে এই সময়ে মাদ্রাসাতেই থাকার ব্যাপারে মৌখিক অনুমতি পাওয়া গেছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানীতে সম্প্রতি দুই ব্লগার খুন হওয়ার ঘটনায় কিছু মাদ্রাসার ছাত্রকে গ্রেপ্তার করা হয়। এর পর থেকে বাংলাদেশে মাদ্রাসার ছাত্রদের সন্দেহের চোখে দেখা হচ্ছে।
ক্রিকেট বোর্ডের নিরাপত্তা-প্রধান আরো জানান, গত বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচের কিছু ঘটনায় বাংলাদেশি ক্রীড়ামোদীদের মনে আঘাত লেগেছিল। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল ম্যাচের পর সম্পর্ক শীতল হয়ে পড়েছিল দুই দেশের। এরই পরিপ্রেক্ষিতেই নিরাপত্তাব্যবস্থায় কোথাও কোনো ছাড় দেওয়া হচ্ছে না।
এসব পদক্ষেপ ছাড়াও ম্যাচ চলাকালে গ্যালারিতে ভারতবিরোধী ব্যানার ও ফেস্টুন নিষিদ্ধ করা হয়েছে বলে জানান হোসেন ইমাম। তিনি বলেন, ‘আমরা কাউকে অশ্লীল কার্টুন বা আক্রমণাত্মক ভাষায় লেখা ফেস্টুন, ব্যানার বহন করতে দেব না।’
এ ব্যাপারে নারায়ণগঞ্জের পুলিশ সুপার ড. মুহিদ উদ্দিন খন্দকার এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা নিরাপত্তার খাতিরে টেস্ট চলাকালে মাদ্রাসা বন্ধ রাখার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষকে অনুরোধ করেছি। তারা পজিটিভ (ইতিবাচক) মনোভাব দেখিয়েছে।’ গত ২ জুন মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে নারায়ণগঞ্জের প্রশাসন সভা করে এ সিদ্ধান্ত গ্রহণ করে বলে জানান পুলিশ সুপার।
গত বিশ্বকাপে ভারত-বাংলাদেশ সেমিফাইনাল ম্যাচে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে বেশ বিতর্ক হয়েছে। ওই ম্যাচের একটি সিদ্ধান্তকে ঘিরে আইসিসি সভাপতির পদ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন আ হ ম মুস্তফা কামাল। আলোচিত ওই ম্যাচটির পর অনেকেই বাংলাদেশ-ভারতের ক্রিকেটীয় সম্পর্কের অবনতির আশঙ্কা করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।
দীর্ঘ ৯ বছর পর ফতুল্লায় ফিরছে টেস্ট ক্রিকেট। ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ এবং একমাত্র টেস্ট ম্যাচটি খেলেছিল বাংলাদেশ। এছাড়া এই ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে ১০টি ওয়ানডে ম্যাচও। ২০১৪ সালের এশিয়া কাপের বেশ কয়েকটি ম্যাচও অনুষ্ঠিত হয় এই মাঠে। এএফপি, এনডিটিভি, আজকাল।

