নিজস্ব প্রতিবেদক : ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষার জন্য ঘোষিত বাজেট পর্যাপ্ত নয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শনিবার সকালে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি- নায়েমে একাদশ শ্রেণীর অনলাইনে ভর্তি কার্যক্রমের উদ্বোধন কালে শিক্ষামন্ত্রী এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘শিক্ষাখাতের জন্য ঘোষিত বাজেট পর্যাপ্ত নয়। এ বাজেটে লক্ষ্য পূরণ হবে না, বরাদ্দ আরো বাড়ানো দরকার।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী ২০৩০ সালের মধ্যে উন্নততর শিক্ষাব্যবস্থার জন্য আমরা সংসদে বিল উত্থাপন করবো। বাজেটে শিক্ষা বাজেটের বরাদ্দ যথেষ্ট হয়নি। বরাদ্দ আরো বাড়ানো উচিৎ।’
এদিকে, শনিবার থেকে শুরু হয়েছে অনলাইন ও এসএমএসের মাধ্যমে একাদশ শ্রেণীতে ভর্তির কার্যক্রম। ২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ভর্তির জন্য আবেদন গ্রহণ শুরু হয় আজ শনিবার। চলবে ১৮ জুন পর্যন্ত। ফল প্রকাশ হবে ২৫ জুন। ১ জুলাই থেকে একাদশ শ্রেণীর ক্লাশ শুরু হবে।
অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পর্কে মন্ত্রী বলেন, ‘আগামী বছর থেকে একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রম শুধুমাত্র অনলাইনে হবে।’
এসময় মন্ত্রী প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান আরো বাড়ানো হবে বলে জানান। তবে একই সঙ্গে, বিভিন্ন ধরনের অসঙ্গতিমূলক কাজ থেকে বিরত থাকতে শিক্ষা সংশ্লিষ্টদের সতর্ক করে দেন শিক্ষামন্ত্রী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন।

