তথ্যপ্রযুক্তি ডেস্ক : হাজারো শিক্ষার্থীদের অংশগ্রহণে তথ্যপ্রযুক্তি খাতে ক্যারিয়ার নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হলো বন্দর নগরী চট্টগ্রামে। সম্মেলনে প্রায় ১ হাজার শিক্ষার্থীকে তথ্যপ্রযুক্তি খাতে ক্যরিয়ার সম্পর্কিত বিভিন্ন দিক সম্পর্কে ধারণা প্রদান করেন দেশের বিশিষ্ট তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস) এর সভাপতি শামীম আহসান।
অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি খাতের বর্তমান অবস্থা, ভবিষ্যতের নানা দিক নিয়ে আলোচনায় অংশ নেন বেসিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাসেল টি আহমেদ, মহাসচিব উত্তম কুমার পাল, যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রাহমান সোহেল, এক্সপোনেন্ট ইনফো সিস্টেমর প্রধান নির্বাহী আবুল কাশেম, কোপট্রনিক ইনফো সিস্টেম এর প্রধান নির্বাহী ইমরুল ইসলাম বেসিস এর পরিচালক ও বেসিস স্টুডেন্ট’স ফোরামের কনভেনর আরিফুল হাসান অপু।
চট্টগ্রামের জিইসি মোড়ের কে-স্কয়ার কনভেনশন হলে সকাল ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত চলে তারুণ্যের এই সম্মেলন। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন প্রান্তের হাজারো শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানে এক ভিন্নমাত্রা যোগ করে।
শামীম আহসান বলেন, দেশের তরুণ জনগোষ্ঠীকে তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ করে গড়ে তুলে দেশকে স্বনির্ভর করার জন্য বেসিস বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে। এই ধরণের আয়োজন থেকে ক্যারিয়ার হিসেবে তথ্যপ্রযুক্তি খাতের ভবিষ্যত কেমন হবে এবং সে ভবিষ্যতে কিভাবে কোথায় পা ফেলতে হবে সেসম্পর্কে সম্যক ধারণা পাবেন শিক্ষার্থীরা।
আয়োজকরা জানান, তথ্য প্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি তৈরির উদ্যোগের লক্ষে তৈরি হয়েছে ‘বেসিসস্টুডেন্ট’স ফোরাম’। এই ফোরামের মাধ্যমে দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মেলবন্ধ ঘটানো হচ্ছে।

