বিনোদন ডেস্ক : রণবীর কাপুরের পর এবার নিজের নতুন বাড়িতে যাওয়ার জন্য তৈরি আলিয়া। এতদিন মা বাবার সঙ্গে জুহুর বাড়িতে থাকতেন তিনি। এই বছরের শুরুতেই জানিয়ে দিয়েছিলেন উনি নিজে একটা বাড়ি কিনে তাতে থাকতে চান‚ মা বাবা কে ছাড়াই। আর সিদ্ধান্ত অনুযায়ী নিজের জন্য বাড়ি কিনেছেন ভাট্ কন্যা।
আলিয়ার মতে উনি এখন পর্যন্ত বাবা মায়ের সঙ্গে থেকেছেন‚ কিন্তু এবার সময় এসেছে নিজস্ব জীবন অাবিষ্কার করার। তবে বাবা মায়ের জুহুর বাড়ির কাছেই নতুন বাড়ি কিনেছেন আলিয়া। আর তার সঙ্গেই থাকবেন ছোট বোন শাহিন।
আলিয়ার দাদু একজন আর্কিটেক্ট‚ শোনা যাচ্ছে নাতনির নতুন বাড়িকে সাজিয়ে তুলছেন তিনি। এই কাজে সাহায্য করছেন আলিয়ার মা সোনি রাজদান। বাড়ির কাজের অগ্রগতি দেখার জন্য শুটিংয়ের অবসরে সেখানেই সময় কাটাচ্ছেন আলিয়া ভাট্।
মেয়ের এমন সিদ্ধান্তে মোটেই খুশি নন বাবা মহেশ ভাট্। তার ভাষ্যমতে, মেয়েরা হলো বাড়ির প্রাণ। দুই বোন ভিন্ন বাড়িতে চলে গেলে পৈতৃক বাড়ি প্রাণহীন হয়ে যাবে। অবশ্য মেয়েকে তিনি বলেছেন, আলাদা একটা ঘর তৈরি রাখতে। যাতে যতদিন খুশি মেয়ের বাড়িতে থাকতে পারেন।
এই বছরের শেষে বা নতুন বছরের শুরুতে আলিয়া বোন শাহিনকে নিয়ে নিজের নতুন বাড়িতে উঠবেন। বাজারে জোর গুজব, প্রেমিক সিদ্ধার্থ মালহোত্রাও থাকবেন আলিয়ার এ বাড়িতে। গুজবের সত্যতা কতটুকু- তা সময় বলে দেবে।

