স্পোর্টস ডেস্ক : মারলন স্যামুয়েলস ও শেন ডরউইচ দুর্দান্ত এক জুটি গড়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন। তবে এই দুজন আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। অস্ট্রেলিয়ান বোলারদের তোপের মুখে পড়ে দ্বিতীয় ইনিংসে ক্যারিবিয়ানরা ২১৬ রানে গুটিয়ে গেলে জয়ের জন্য মাত্র ৪৭ রানের সহজ লক্ষ্য পায় মাইকেল ক্লার্কের দল। সেই সহজ লক্ষ্য হেসেখেলে মাত্র ১ উইকেট হারিয়ে পেরিয়ে যায় সফরকারীরা।
শুক্রবার ২ উইকেটে ২৫ রান নিয়ে খেলতে নামে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।দিনের শুরুতে ডোয়াইন ব্রাভো হ্যাজেলউডের বলে ওয়ার্নারকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলে নতুন করে বিপদে পড়ে ক্যারিবিয়ানরা। তবে চতুর্থ উইকেটে মারলন স্যামুয়েলস ও শেন ডরউইচ দুর্দান্ত প্রতিরোধ গড়ে তোলে ম্যাচ জমিয়ে তোলার ইঙ্গিত দেন। জুটিতে এই দুজন ১৪৪ রান তুললে ম্যাচে ফেরে ওয়েস্ট ইন্ডিজ।
স্যামুয়েলস-ডরউইচের ব্যাটিংয়ে ১৮ রানের লিড নিয়ে ম্যাচে ফেরার অপেক্ষায় ছিল স্বাগতিকরা। তবে এরপর মিচেল স্টার্ক, মিচেল জনসন, জস হ্যাজেলউড ও নাথান লায়নের বোলিং তোপে পড়ে মাত্র ৩৫ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ২১৬ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ানরা। ফলে জয়ের জন্য অস্ট্রেলিয়া ৪৭ রানের সহজ লক্ষ্য পায়।
দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ডরউইচ ৭৪ ও স্যামুয়েলস করেন ৭০ রান। অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক ৪টি এবং মিচেল জনসন, জস হ্যাজেলউড ও নাথান লায়ন ২টি করে উইকেট লাভ করেন।
এর আগে প্রথম ইনিংসে মিচেল স্টার্ক, মিচেল জনসন ও জস হ্যাজেলউডের বোলিং তোপে পড়ে মাত্র ১৪৮ রানে গুটিয়ে যায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে শাই হোপ ৩৬ ও জেসন হোল্ডার করেন ২১ রান।
অস্ট্রেলিয়ার হয়ে জনসন ও হ্যাজেলউড সমান ৩টি এবং স্টার্ক নেন ২টি করে উইকেট।
জবাবে অভিষিক্ত অ্যাডাম ভোজেসের হার না মানা ১৩০ রানের নান্দনিক ইনিংসের ওপর ভর করে ৩১৮ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।
১৭৮ রানে ৮ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা অস্ট্রেলিয়াকে নবম উইকেটে নাথান লায়নকে নিয়ে ৪৩ এবং দশম উইকেটে জস হ্যাজেলউডকে নিয়ে ৯৭ রানের জুটি গড়ে দলকে উদ্ধার করে চালকের আসনে নিয়ে যান ভোজেস।
অস্ট্রেলিয়ার হয়ে ভোজেসের হার না মানা ১৩০ রানের ইনিংসে পাশাপাশি হ্যাজেলউড ৩৯, স্টিভেন স্মিথ ২৫ ও নাথান লায়ন করেন ২২ রান। ক্যারিবিয়ানদের হয়ে স্পিনার দেবেন্দ্র বিশু ৮০ রানের বিনিময়ে ৬টি উইকেট লাভ করেন।
১৩০ রানের মহাকাব্যিক ইনিংসের জন্য ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন। দুই দলের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ১১ জুন কিংসটনে অনুষ্ঠিত হবে।

