বিনোদন ডেস্ক : যারা হৃত্বিক রোশন আর দীপিকা পাড়ুকোনকে একসঙ্গে রূপালী পর্দায় দেখতে চান, তাদের জন্য সুখবর আছে। প্রথমবারের মত জুটি বাঁধছেন তারা। ক্যারিয়ারে দুজনেই শীর্ষস্থানীয়, তাই এই খবরে খুশি ইন্ডাস্ট্রি সংশ্লিষ্ট সকলেই।
সূত্রের খবর, যশরাজ ফিল্মসের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছে হৃত্বিক। ছবিটি পরিচালনার করবেন ‘ধুম ৩’ ছবির নির্মাতা বিজয় কৃষ্ণ আচার্য। শোনা যাচ্ছে এই ছবির জন্য প্রযোজনা কর্তৃপক্ষ যশরাজ ফিল্মস হৃত্বিকের বিপরীতে দীপিকাকে চাইছেন।
‘পিকু’ ছবিটি দেখার পর নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। আর দীপিকারও নাকি অনেকদিনের ইচ্ছে হৃত্বিকের বিপরীতে অভিনয় করার। বিভিন্ন চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালবাসেন দীপিকা। তাই বিজয়কৃষ্ণ আশা করছেন এই অ্যাকশন ফিল্ম করতে তিনি রাজি হয়ে যাবেন।
এর আগে ‘রেস টু’ এবং ‘চাঁদনী চক টু চায়না’ ছবিতে অ্যাকশন কন্যা হিসেবে দর্শকের সামনে এসেছেন দীপিকা। কিন্তু দুটি ছবিই বক্স অফিসে সেরকম ছাপ ফেলে নি। তাই উনি আরো একবার অ্যাকশন ছবি করতে চাইবেন কী না সেটাই দেখার বিষয়।
শোনা যাচ্ছে ছবির পরিচালক নাকি দীপিকা ছাড়া অন্য কোন নায়িকাকে নিতে রাজি নন এই ছবির জন্য। তিনি নাকি ইতিমধ্যেই দীপিকার সঙ্গে এই ব্যাপারে কথা বলেছেন। প্রাথমিক কর্থাবার্তা হলেও দীপিকা এখনো চুড়ান্ত সম্মতি জানান নি। এই ছবিতে নায়ক এবং নায়িকা- দুজনকেই বেশ কিছু কঠিন অ্যাকশন দৃশ্য করতে হবে।

