স্পোর্টস ডেস্ক : প্রথম সেটে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে তিমিয়া বাসিনস্কিকে ৪-৬, ৬-৩, ৬-০ সেটে হারিয়ে ফরাসি ওপেনের ফাইনালে উত্তীর্ণ হলেন যুক্তরাষ্ট্রের টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। শনিবারের ফাইনালে লুসি সাফারোভার মুখোমুখি হবেন নারী এককের নাম্বার ওয়ান সেরেনা।
২০০২ ও ২০১৩ সাল ফরাসি ওপেনের শিরোপা জেতা সেরেনা উইলিয়ামস ক্যারিয়ারের ২০তম গ্র্যান্ড স্ল্যাম জয় থেকে মাত্র একটি জয় দূরে। বৃহস্পতিবার প্রথম সেটে সুইজারল্যান্ডের তিমিয়া বসিনস্কির কাছে পিছিয়ে পড়লেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইনালে উত্তীর্ণ হন এই কৃষ্ণকলি।
এদিকে অন্য সেমিফাইনালে ২০০৮ সালের চ্যাম্পিয়ন আনা ইভানোভিচকে হারিয়ে ফাইনালে সেরেনার সঙ্গী হন চেক তারকা লুসি সাফারোভা। ইভানোভিচকে ৭-৫, ৭-৫ সেটে হারিয়ে ফাইনালে উঠেন সাফারোভা। গত ৩৪ বছরের মধ্যে প্রথম চেক নারী হিসেবে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেন তিনি।
এদিকে গোটা টুর্নামেন্ট জুড়ে প্রচণ্ড গরমের কারণে অস্বস্তিতে ভুগা সেরেনা উইলিয়ামস সেমিফাইনালেও স্বস্তিতে ছিলেন না। প্রচণ্ড গরমের কারণে তাকে পুরো ফিট মনে হয়নি। বৈরি আবহাওয়ায় তাই ম্যাচটি জিতে ফাইনালে যাওয়ায় উচ্ছ্বাস ঝড়ে এই মার্কিন তারকার কণ্ঠে।
ম্যাচ শেষে সেরেনা উইলিয়ামস বলেন, ‘কখনও এমন অস্বস্তিতে পড়েছি বলে আমার মনে হয় না। আমি আজ জয় পাবো বলে আশা করিনি। সত্যিই আমি ফাইনালে যাওয়ার আশা করিনি।

