নিজস্ব প্রতিবেদক : ধামরাইয়ে বাস ও ট্রাকের সংঘর্ষে এক সেনা সদস্যসহ চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১২ জন।
শুক্রবার ভোরে ধামরাইয়েরর কালামপুর এলাকার পালস সিএনজি স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-চট্টগাম ক্যান্টমেন্টের সেনা সদস্য শহিদুল ইসলাম (৩২), সাতক্ষীরা এলাকার শামসুর রহমান (৩৮), নোয়াখালী জেলার ওবায়দুর রহমান (৩৩) ও অজ্ঞাত এক নারী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাতে চট্টগ্রাম থেকে সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস প্রায় ৪০ জন যাত্রী নিয়ে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দেয়। পরে শুক্রবার ভোরের দিকে বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ড এলাকার পালস সিএনজি স্টেশনের সামনে পৌঁছালে একই দিক থেকে ছেড়ে আসা ইটবোঝাই একটি ট্রাককে অতিক্রম করতে গিয়ে বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ওবায়দুর রহমান ও অজ্ঞাত পরিচয়ে এক নারীর মৃত্যু হয়। এছাড়াও এ ঘটনায় আহত হয় আরো ১৪ জন।
তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে শহিদুল ইসলাম নামে এক সেনা সদস্য ও সাতক্ষীরা এলাকার শামসুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে হস্তান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার ওসি ছানোয়ার হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের লাশগুলো উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও দুর্ঘটনা কবলিত বাসটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

