নিজস্ব প্রতিবেদক : ২০১৫-১৬ অর্থবছরের বাজেটকে গণমুখি বলে মনে করছে ঢাকা মহানগর আওয়ামী লীগ।
বৃহস্পতিবার বিকেলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট পেশ করার পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ এ কথা বলেন। প্রস্তাবিত এ বাজেটের আকার ২ লাখ ৯৫ হাজার ১শ কোটি টাকা। এ বাজেটে এবার জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা গত অর্থবছরের চেয়ে একটু কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৭ শতাংশ।
২০১৫-১৬ অর্থবছরের বাজেট পেশ হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এম এ আজিজ বলেন, ‘এই বাজেট গণমুখি। এ বাজেটের মাধ্যমে দেশের কল্যাণ ও উন্নয়নের অগ্রযাত্রা হবে। দেশকে উন্নয়নের পথে পরিচালিত করতে সাহায্য করবে। দেশের মানুষ যে ধরনের আশা করেছিল, সেই বাজেটই পেশ করা হয়েছে। এই বাজেটের ফলে দেশের দারিদ্র্য বিমোচন ও উন্নয়নের অগ্রগতি হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘এই বাজেটের মধ্য দিয়ে আমাদের আশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে।’
উল্লেখ্য, ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বিশাল বাজেটে অনুন্নয়ন রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৫৭১ কোটি টাকা, উন্নয়ন ব্যয় ১ লাখ ২ হাজার ৫৫৯ কোটি টাকা এবং অন্যান্য ব্যয় ধরা হয়েছে ২৭ হাজার ৯৭০ কোটি টাকা। সব মিলিয়ে পুরো ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকাই ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

