নিজস্ব প্রতিবেদক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর ঢাকায় আগমন নিয়ে যারা উদ্বেলিত হচ্ছেন তাদের প্রতি রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ বলেছেন, ‘অনেকে উদ্বেলিত হচ্ছেন তাদের সফরে অনেক সমস্যার সমাধান হবে। নতুন করে ভাবনার কিছু থাকবে না। কিন্তু আমি রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে বলবো ভারতের কাছে বেশি কিছু আশা করা ভুল। কারণ ভারত তাদের রাষ্ট্রীয় স্বার্থে চলে।’
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘সংবাদপত্রের স্বাধীনতা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সবুজ বাংলা টোয়েন্টিফোরডটকম নামের একটি অনলাইন পোর্টাল এ আলোচনা সভার আয়োজন করে।
মোদির সফরে কিছু কিছু সমস্যার সমাধান হলেও ১৯৭৪ সালের মুজিব-ইন্দিরা চুক্তি পুরোপুরি বাস্তবায়ন নাও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
২১শতকে পানিকে সামনে রেখে যুদ্ধ হবে এমন মন্তব্য করে এমাজউদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের যুদ্ধ করার ক্ষমতা নেই। কী নিয়ে যুদ্ধ করবো আমরা? মোদি-মমতাসহ ভারতীয় অতিথিদের যথাযথ সম্মান দেখানোর কথা বলেন তিনি।
আব্দুল্লাহিল মাসুদের সভাপতিত্বে অন্যদের মধ্যে কবি আল মাহামুদ, দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, ভাষা সৈনিক অধ্যাপক আব্দুল গফুর, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা প্রমুখ বক্তৃতা করেন।

