নিজস্ব প্রতিনিধি : ‘দ্বিতীয় শস্য বহুমুখীকরণ প্রকল্প (এসসিডিপি) ২০১৪-১৫ অর্থবছরের অগ্রগতি পর্যালোচনা ও ২০১৫-১৬ অর্থবছরের কর্মপরিকল্পনা গ্রহণ’ শীর্ষক আঞ্চলিক কর্মশালা গত রোববার হর্টিকালচার স্টোর, টেবুনিয়া পাবনায় শুরু হয়েছে। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর অঞ্চলের কৃষিবিদ সোমেন সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. মোহসিন এবং প্রকল্পের টিম লিডার অতিরিক্ত পরিচালক ড. এসপি ঘোষ। অনুষ্ঠানে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্যসহ স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক প্রকল্প পরিচালক কৃষিবিদ এবিএম মোস্তাফিজার রহমান এবং সভাপতিত্ব করেন প্রকল্পের সিনিয়র মনিটরিং এন্ড উভ্যালুয়েশন অফিসার কৃষিবিদ অজিত কুমার সরকার।
কর্মশালায় প্রকল্পভুক্ত ১২টি জেলার ১৬টি উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অঞ্চলের অতিরিক্ত পরিচালকগণ, উপ-পরিচালকগণ, উপ-পরিচালক হর্টিকালচার সেন্টারগণ, উদ্যান প্রশিক্ষণ কর্মকর্তা, প্রকল্পের আঞ্চলিক ব্যবস্থাপক, প্রকল্পের মনিটরিং অফিসারগণ এবং ব্র্যাক-এর প্রতিনিধিসহ ৮০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
কর্মশালার রিভিউ সেশনে সভাপতিত্ব করেন রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. মোহসিন। রিভিউ সেশনের এই পর্বে বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তাগণ তাদের সংশ্লিষ্ট উপজেলার ২০১৪-১৫ অর্থবছরে বাস্তবায়িত কর্মকাণ্ড উপস্থাপন করেন এবং উত্থাপিত বিভিন্ন কর্মকর্তার প্রশ্নের উত্তর দেন।


