নিজস্ব প্রতিবেদক : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কর্মকর্তাদের নির্বাচিত হয়ে সংসদে আসার ‘আমন্ত্রণ’ জানিয়েছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। তিনি বলেছেন, ‘আপনারা স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত সমাজ চান। আমরাও এ নিয়ে কাজ করছি। আমরা চাই আপনাদের মতো লোক সংসদ পর্যবেক্ষণ করতে নয়, মেম্বার হিসেবে সংসদে আসুক। সেজন্য আপনাদের আমন্ত্রণ জানাই।’
রোববার জাতীয় সংসদের শপথ কক্ষে ‘প্রাক-বাজেট আলোচনায়’ তিনি একথা বলেন। আলোচনা অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক মো. ইফতেখারুজ্জামান ২০১৫-১৬ অর্থ-বছরের বাজেট বিষয়ে তাদের সুপারিশ বিরোধী দলীয় নেতার সামনে তুলে ধরেন।
এসময় বিরোধী দলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরী, রুহুল আমিন হাওলাদার ও শওকত চৌধুরী, টিআইবির উপ-নির্বাহী পরিচালক সুমাইয়া খায়ের, এসএম রেজওয়ান উল আলম, রফিকুল হাসান ও জাকির হোসেন খান উপস্থিত ছিলেন।
প্রাক-বাজেট আলোচনায় টিআইবি সব ধরনের সরকারি ক্রয়, কর সংগ্রহ, অনলাইন ভিত্তিক নিরীক্ষা চালু, প্রতিরক্ষাসহ সব খাতের তথ্য প্রকাশ, অডিট আইন দ্রুত প্রণয়ন, থোক বরাদ্দ নিরুৎসাহিতসহ ১১ দফার সুপারিশ তুলে ধরে।
টিআইবি’র সুপারিশ উত্থাপনকালে ইফতেখারুজ্জামান বিরোধী দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘এ সংসদে বিরোধী দল নেই। সংসদে সরকারি দল রয়েছে। বিরোধী দল বলতে যা বোঝায় সে বিরোধী দল নেই। এ সংসদে সবাইতো এক।’
জবাবে রওশন এরশাদ বলেন, ‘আপনারা যদি সংসদে আসেন তাহলে আপনাদের ভূমিকা আরও ফলপ্রসূ হবে।’
এসময় ‘বর্তমান বিরোধী দল এক ধরনের আত্মপরিচয়ের সঙ্কটে আছে’ বলে মন্তব্য করেন ইফতেখারুজ্জামান।

