ঢাকাMonday , 12 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মঠবাড়িয়ায় যুবদল নেতার বিরুদ্ধে মামলা, মিথ্যা অভিযোগের দাবি

Link Copied!

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের বাসিন্দা মো. কাজী জাহিদুল ইসলাম অভির বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও জাতীয় পরিচয়সংক্রান্ত আইনে মামলা হয়েছে। তবে মামলাটিকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে তার অভিযোগ, এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করায় বিরোধের জেরে তাকে মামলায় জড়ানো হয়েছে। সোমবার (১২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব অভিযোগ করেন অভি। তিনি নিজেকে তেজগাঁও থানা যুবদলের নেতা ও অভি মোটরসের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পরিচয় দিয়েছেন। মামলার এজাহার অনুযায়ী, সাপলেজা ইউনিয়নের মোশারফ হোসেনের ছেলে নাসির উদ্দিন আহমেদ বাদী হয়ে পিরোজপুরের দায়রা ও সিনিয়র জজ স্পেশাল আদালতে ফৌজদারি নালিশি মামলা করেছেন। মামলাটির নম্বর ০২/২০২৬। এতে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭ ও ৫ ধারা, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩-এর ১৮ ও ২৩ ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(১) ও ৪(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলায় অভি (৩০) ছাড়াও জাকির হোসেন মৃধা (৫৬), আলামিন (৪৫) ও মাসুম আকনকে (৫৫) আসামি করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে অভি দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যে নয়, এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে তিনি কাজ শুরু করেছিলেন। এভাবে কাজ করতে গিয়ে এলাকায় তার পরিচিতি ও জনপ্রিয়তা বাড়তে থাকায় নাসির উদ্দিন আহমেদের সঙ্গে বিরোধ তৈরি হয় বলে দাবি তার। নিজের বিরুদ্ধে আনা অভিযোগগুলো অস্বীকার করে অভি বলেন, এসব বিষয়ে তিনি জনগণের কাছে বিচার চান। ভবিষ্যতে সাপলেজা ইউনিয়নের জাতি, দল, ধর্ম নির্বিশেষে সব শ্রেনী পেশার মানুষের জন্য কাজ করে যাবেন। মামলার বাদী নাসির উদ্দিন আহমেদ মামলা করার বিষয়টি স্বীকার করে বলেন, বিষয়টি আদালতের মাধ্যমে নিষ্পত্তি হবে। সঠিক বিচার হবে বলে আশা করি। আপনাদের কাছে যে কেউ অভিযোগ করতে পারেন। তদন্ত হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা যুবদলের সদস্যসচিব রিয়াজুল ইসলাম বলেন, জাহিদুল ইসলাম অভি স্থানীয় যুবদলের কোনো কমিটিতে নেই। তবে তিনি ঢাকায় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত কি না, তা তার জানা নেই। রিয়াজুল ইসলাম বলেন, অভি ‘কাজী একতা’ সংগঠনের মাধ্যমে এলাকার মানুষের সাহায্য-সহযোগিতা করেন।
সাপলেজা ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক ১ নম্বর যুগ্ম সম্পাদক মাহবুব আলম বলেন, অভি আগে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি ঢাকায় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন বলে তিনি জানেন। মাহবুব আলমের দাবি, অভি ‘একতা’ সংগঠনের মাধ্যমে এলাকার অসহায় ও দুস্থ মানুষকে সহায়তা করেন। এ কারণে এলাকার অনেকের সঙ্গে বিরোধ তৈরি হয়ে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে মনে করেন তিনি।