মোংলা-রামপালের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১৩১টি বাইসাইকেল বিতরণ করেছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। মঙ্গলবার দুপুরে বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩১ জন শিক্ষার্থীর হাতে এসব বাইসাইকেল তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত যাতায়াতের সুবিধা, ঝরে পড়া রোধ এবং লেখাপড়ায় উৎসাহ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। বাইসাইকেল পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ডেপুটি হেড মোহাম্মদ আলাউদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান মানবসম্পদ কর্মকর্তা মো. আনোয়ারুল আজিম, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসী এবং বিদ্যুৎ কেন্দ্রের ডিজিএম মো. ওজিউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলাউদ্দিন বলেন, বাংলাদেশের ৫৪টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে স্থানীয় জনগোষ্ঠীর জন্য সামাজিক কর্মকাণ্ডের আওতায় মানবিক সহায়তা প্রদানের ব্যবস্থা রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের নীতির অংশ হিসেবে রয়েছে। স্থানীয় মানুষের কল্যাণে প্রতিষ্ঠানটি বিভিন্ন সময়ে নানা ধরনের সহায়তা দিয়ে আসছে। তিনি বলেন, স্থানীয় জনগোষ্ঠীর জন্য নিরাপদ ও সুপেয় পানির ব্যবস্থা করতে ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন, বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান, সেলাই মেশিন, কম্বল, হুইলচেয়ার, শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রতিষ্ঠানটি ভূমিকা রাখার চেষ্টা করছে। মোহাম্মদ আলাউদ্দিন আরও বলেন, দেশের অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রগুলোও যদি তাদের নিজ নিজ এলাকার সাধারণ মানুষের জন্য এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করে, তাহলে স্থানীয় জনগোষ্ঠী আরও বেশি উপকৃত হবে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

