সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদের ২০২৩-৩০২৪ অর্থ বছরের ইউডিএফ ও ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিল হতে ৩ শতাধিক ব্যক্তির মধ্যে ফুটবল, সেলাই মেশিন, হুইল চেয়ার ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে খেলোয়াড়দের মাঝে ২ শত ফুটবল, প্রশিক্ষণার্থীদের মাঝে ৪০ টি সেলাই মেশিন, প্রতিবন্ধীদের মধ্যে ১৫ টি হুইল চেয়ার ও নারী ফুটবলারদের মাঝে ১৬ টি বাইসাইকেল বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোঃ মাহবুবুর রহমান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আবু সাঈদ স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান সবিতা প্লাবনি সুইটি, উল্লাপাড়া সহকারী কমিশনার (ভুমি) শারমিন আক্তার রিমা, উপজেলা প্রকৌশলী আবু সায়েদ ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আতাউর রহমান প্রমুখ। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মীর মোঃ মাহবুবুর রহমান বলেন, বিভিন্ন বয়সীদের মধ্যে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ফুটবল, সেলাই মেশিন, হুইল চেয়ার ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

