ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন পাবনার ঈশ্বরদীর বিএনপি নেতা আব্দুর রহমান বিশ্বাস (৫৭)। তিনি বাংলাদেশ রেলওয়ের প্রথম শ্রেণীর ঠিকাদার ও পাকশী ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। রোববার (১৪ই জুলাই) বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারা টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল সরদারপাড়া গ্রামের মৃত হাজী নবির উদ্দিন বিশ্বাস এর ছেলে। রোববার দিবাগত রাত নয়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায, তিনি কুষ্টিয়ার ভেড়ামারা থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ভেড়ামারা টোল প্লাজা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে তিনি মারাত্মক আহত হন।
পরে তাকে উদ্ধার করে প্রথমে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত রাজশাহী মেডিকেলে নেয়া হয়। সেখানে রাত ৯ টার দিকে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন। ঈশ্বরদী থানার ওসি রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, তার মৃত্যুতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার গভীর শোক প্রকাশ করেছেন।

