তীব্র তাপপ্রবাহের মধ্যে চট্টগ্রাম ও যশোরে ‘হিট স্ট্রোকে’ দুই শিক্ষকের মৃত্যু হয়েছে।
যশোরে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে আহসান হাবিব নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।
রোববার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
আহসান হাবিব যশোর সদর উপজেলার আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাবিবুর রহমান শিক্ষক আহসান হাবিবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুর রশিদ এই প্রতিবেদককে বলেন, আজ সকালে ওই স্কুলশিক্ষককে (আহসান হাবিব) মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। রোগীর স্বজনরা জানিয়েছেন যে আজ সকালে রোদের মধ্যে তিনি মাঠে কাজ করে স্কুলে গিয়েছেন। স্বজনদের দাবি, তার হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে। তবে আমরা এখনো চূড়ান্ত রিপোর্ট পাইনি। জরুরি বিভাগের চিকিৎসকের ধারণা, তিনি হার্ট অ্যাটাকে মারা যেতে পারেন।
আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এজেডএম পারভেজ মাসুদ জানান, শিক্ষক আহসান হাবিব আজ সকালে মাঠে কাজ করে ৯টার দিকে বিদ্যালয়ে এসে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে চট্টগ্রামের চান্দগাঁওয়ের মোহরা এলাকার বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে অচেতন হয়ে পড়েন মাদ্রাসাশিক্ষক মাওলানা মোস্তাক আহমেদ কুতুবী আলকাদেরী (৫৫)।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার খিতাপচর আজিজিয়া মাবুদিয়া আলিম মাদ্রাসার শিক্ষক কুতুবী আলকাদেরী কক্সবাজারের কুতুবদিয়া লেমশীখালীর মৃত খলিলুর রহমানের ছেলে। তার দুটি ছেলে ও একটি মেয়ে আছে।

